টানছে পোল ভল্টের রোমাঞ্চ
সারা বছর দেশ-দেশান্তরে পোল ভল্টে মেতে থাকা ইয়েলেনা ইসিনবায়েভাকে এই ভাবনাটা পেয়ে বসল, সাধারণ জীবনযাপনেই বুঝি আসল মজা। কিন্তু মাত্রই তিন মাস। তাতেই পোল ভল্টের রানি বুঝে ফেলেছেন ওটা একঘেয়ে। পোল ভল্টের মানুষ হিসেবে পোল ভল্টই তাঁর সত্যিকারের জীবন। আর দশটা সাধারণ মেয়ের মতো সাধারণ জীবন তাঁর ভালো লাগবে কেন?এই উপলব্ধিই আবার তাঁকে ফিরিয়ে আনছে পোল ভল্টে। আগামী ফেব্রুয়ারিতেই আবার নিজের জগতে ফিরবেন তিনি। ইউক্রেনের দোনেৎস্কে অনুষ্ঠেয় ফেব্রুয়ারির পোল ভল্ট স্টারস প্রতিযোগিতাকেই ফেরার উপলক্ষ হিসেবে নিয়েছেন তিনি। এটির উদ্যোক্তা তাঁরই আদর্শ কিংবদন্তি পোল ভল্টার সের্গেই বুবকা। ‘আমি নিশ্চিত, প্রতিবছর সের্গেই (বুবকা) যেটি করেন, দোনেৎস্কের সেই পোল ভল্ট স্টারস প্রতিযোগিতাই হবে আমার প্রথম। এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ইনডোর চ্যাম্পিয়নশিপ...এরপর আমরা পরের প্রতিযোগিতার ব্যাপারে সিদ্ধান্ত নেব’—জানিয়ে দিয়েছেন ইসিনবায়েভা।বয়স ২৮ হয়ে গেছে। তাতে কি, দোনেৎস্কের টুর্নামেন্ট দিয়ে ফিরলেও চালিয়ে যাবেন আরও বছর তিনেক। প্রথম যুব অলিম্পিকের শুভেচ্ছাদূত হিসেবে এখন রয়েছেন সিঙ্গাপুরে। সেখানে বসেই এই রেকর্ড-কন্যা বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ২০১২ লন্ডন অলিম্পিক। আর ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ তো আছেই, ২০১৩ সালের মস্কো চ্যাম্পিয়নশিপ হবে আমার শেষ চ্যাম্পিয়নশিপ।’ইনডোর-আউটডোর মিলিয়ে রেকর্ড গড়েছেন ২৭ বার। সমান দুবার করে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী এই পোল ভল্টের রানির জন্য বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল, মাঠে নামলেই রেকর্ড গড়ে সোনা জেতাটা তাঁর জন্য বাঁধা। কিন্তু গত এপ্রিলে হঠাৎ করেই ছন্দপতন ঘটে তাঁর পথচলায়।বিশ্ব ইনডোর-আউটডোর চ্যাম্পিয়নশিপে সোনা তো নয়ই, পদক জিততেই ব্যর্থ হন এই রেকর্ড-কন্যা। তার পরই সবাইকে বিস্মিত করে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু মাস তিনেকের মধ্যেই পোল ভল্টহীন সাধারণ জীবনটা একঘেয়ে ঠেকল তিনবারের আইএএএফের বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদের কাছে, ‘সাধারণভাবে জীবনযাপনটাকে আমি দেখলাম বিরক্তিকর, যখন খেলায় ছিলাম, আমি প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠতাম এবং আমি জানতাম সারা দিনে আমাকে কী করতে হবে, অনুশীলন, বিশ্রাম, খাওয়া-দাওয়া। কিন্তু এই তিন মাসে যখন আমি খেলায় নেই, আমি ঘুম থেকে উঠেই বিস্মিত হই, “আজ কী করব আমি?’’। “মনে হয়েছিল, আমি বুঝি সাধারণ নারীর জীবন মিস করছি। কিন্তু এখন দেখলাম, পোল ভল্টেই আমার জীবনটা বেশি আনন্দের, রঙিন”।’যুব অলিম্পিক নিয়ে তাঁর অনুভূতি কেমন—জানতে চাইলে বর্তমান যুবসমাজের প্রকৃত রূপটাই তুলে ধরেছেন তিনি, ‘আমাদের বড় সমস্যা হলো বিশ্বজুড়েই বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে। তারা খেলাধুলায় আসতে চায় না। তারা কম্পিউটারে গেমস খেলে। এটা সত্যিই খারাপ।’ যুব অলিম্পিক যুবসমাজের এই ভুলটা ভাঙিয়ে দেবে বলেই বিশ্বাস রুশ নন্দিনীর, ‘আমি মনে করি, প্রথম যুব অলিম্পিক গেমস তাদের স্টেডিয়ামে আনবে, টেনে আনবে সুইমিংপুলে। এবং অন্যসব খেলার দিকেও নিয়ে যাবে।’ ওয়েবসাইট।