শিরোপার সুবাস আগের দিনই পাচ্ছিল ফাহাদ রহমান। পরশু শেষ রাউন্ডে শুধু ড্র করলেই চলত। কিন্তু তাহসিন তাজওয়ার জিয়াকে হারিয়েই টানা চতুর্থবারের মতো সাব-জুনিয়রে চ্যাম্পিয়ন হয়েছে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ। সাত খেলায় পুরো ৭ পয়েন্টই পেয়েছে ঢাকার লিটল জুয়েল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। সব মিলিয়ে পাঁচবারের মতো সাব-জুনিয়রে চ্যাম্পিয়ন ফাহাদ। ৬ পয়েন্ট নিয়ে রানারআপ ময়মনসিংহের সুব্রত বিশ্বাস। সাড়ে ৫ পয়েন্ট পাওয়া সিরাজগঞ্জের নাঈম হক হয়েছে তৃতীয়।
আবারও চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ফাহাদ, ‘গত কয়েক মাস আমি চেন্নাইয়ের একটি দাবা একাডেমিতে অনুশীলন করছি। সাব-জুনিয়র প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে এই অনুশীলন খুবই কাজে দিয়েছে আমার। আবারও চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে আমার। এবার আমি জুনিয়রেও চ্যাম্পিয়ন হতে চাই।’ মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নরসিংদীর নোশিন আঞ্জুম। সাত খেলায় নোশিন পেয়েছে সাড়ে ৬ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে রানারআপ ঢাকার জান্নাতুল ফেরদৌস।