টানা চার জয়ে শেষ আটে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কোরবোর্ডে মাত্রই ৮ রান। ডোয়াইন স্মিথকে ফিরিয়ে দিলেন মোহাম্মদ শামি। পরে গেইল ও স্যামিকে ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের মেরুদণ্ডই গুঁড়িয়ে দিলেন ভারতের পেসার l ক্রিকইনফো
স্কোরবোর্ডে মাত্রই ৮ রান। ডোয়াইন স্মিথকে ফিরিয়ে দিলেন মোহাম্মদ শামি। পরে গেইল ও স্যামিকে ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের মেরুদণ্ডই গুঁড়িয়ে দিলেন ভারতের পেসার l ক্রিকইনফো

‘পেস...বাউন্স...দুর্দান্ত উইকেট’—কাল পিচ রিপোর্টে শেন ওয়ার্ন যখন বলছিলেন, বিস্মিত হয়েছিলেন নিশ্চয়ই অনেকেই! এমনিতে গতি-বাউন্স একসময় ওয়াকার সমার্থকই ছিল। কিন্তু আধুনিক ক্রিকেটের ছোবলে সেসব দিন হারিয়ে গেছে তো কবেই! ওয়াকা শুনলেই ব্যাটসম্যানদের পিলে চমকে ওঠে না অনেক দিনই। কাল ওয়ার্নকে সত্যি প্রমাণ করে খানিকটা হলেও অতীতে ফিরল ওয়াকা।
ওয়াকার ২২ গজের মতো অতীতের কঙ্কাল এখন ওয়েস্ট ইন্ডিজও। একসময় পেস ব্যাটারি দিয়ে ক্রিকেট-দুনিয়া শাসন করেত ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা আবার শাসন করত প্রতিপক্ষের পেস বোলিং। ওয়াকা অতীতে ফেরায় ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা। কিন্তু এই দল অতীতে ফিরতে পারলে তো! অতীতে ফেরা আর হারিয়ে খোঁজার মাঝে ভারত বুঝিয়ে দিল বর্তমান। এই বিশ্বকাপে প্রথমবারের মতো পথে একটু চড়াই-উতরাই পেয়েছে। তবে জয়রথ থামেনি। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে কাল ৪ উইকেটে। টানা চতুর্থ জয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালও। গ্রুপের অস্ট্রেলিয়া পর্ব অজেয় থেকে ধোনিরা এবার পাড়ি দেবেন তাসমান সাগর। তাঁদের শেষ দুটি ম্যাচ নিউজিল্যান্ডে। গত আসর মিলিয়ে বিশ্বকাপে এটি ভারতের টানা অষ্টম জয়!
ভারত আগের ম্যাচটিও খেলেছে এই মাঠেই। পাত্তাই পায়নি দুর্বল আরব আমিরাত। তবে সেদিন ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন, ২ উইকেট পেয়েছিলেন আরেক স্পিনার রবীন্দ্র জাদেজাও। কাল জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন ভারতের পেসাররাই। মোহাম্মদ শামি ও উমেশ যাদবের পেস-বাউন্সের যেন জবাব জানা ছিল না ওয়েস্ট ইন্ডিজের। গেইলের মহামূল্য উইকেটের সঙ্গে ডোয়াইন স্মিথ ও ড্যারেন সামির উইকেট নিয়ে ম্যাচসেরা শামি। যাদব আর মোহিত শর্মা মিলে নিয়েছেন আরও ৩ উইকেট।
১৮২ রানের পুঁজি নিয়ে ক্যারিবিয়ান বোলাররা লড়াই খারাপ করেননি। টেলর-হোল্ডার-রোচদের গতি-বাউন্স ভারতীয় ব্যাটসম্যানদেরও ভুগিয়েছে ভালোই। ৭৮ রানে ৪ উইকেট পড়ার পর মনে হচ্ছিল, এবারের বিশ্বকাপে এই প্রথম খাদে পড়ল ভারত। তবে টপ ও মিডল অর্ডাররা যেদিন রান পান না, ধোনি তো সেদিন থাকেনই! একপাশ আগলে রেখে অধিনায়ক ঠিকই পৌঁছে দিয়েছেন জয়ের ঠিকানায়। ১৩৪ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারত। সপ্তম উইকেটে অশ্বিনকে নিয়ে ধোনির অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে ৬৫ বল আগেই ধরা দিয়েছে জয়। ম্যাচের আগে টস করতে নেমে ছুঁয়েছেন ভারতকে সবচেয়ে বেশি ওয়ানডেতে (১৭৪) নেতৃত্ব দেওয়ার মোহাম্মদ আজহার উদ্দিনের রেকর্ড। উপলক্ষকে রাঙিয়েছেন পরে ব্যাট হাতে দলকে জিতিয়ে।
প্রতিপক্ষ অধিনায়কও ব্যাট হাতে না দাঁড়িয়ে গেলে অবশ্য ব্যাট হাতে নামতে হতো না ধোনিকেও। ওয়েস্ট ইন্ডিজ ১৮২ করতে পেরেছিল অধিনায়ক জেসন হোল্ডারের সৌজন্যেই। গেইলকে কাল মনে হচ্ছিল নিজের ছায়া। ব্যাটে-বলেই হচ্ছিল না তাঁর। সিঙ্গেলস নিতেও ছিল জগতের সব অনীহা। হয়তো ফিটও ছিলেন না পুরোপুরি। সেটা পুষিয়ে দিতে ধুমধাম মারতে গিয়ে উইকেট উপহার দিয়েছেন শামিকে। তিন-তিনবার জীবন পেয়েও ২৭ বলে ২১। টপ-মিডল অর্ডারে দাঁড়াতে পারেননি আর কেউ। নয়ে নেমে হোল্ডারের ৫৭ রান আর জেরম টেলরের সঙ্গে নবম উইকেটে ৫১ রানের জুটিতে ১৮০ পেরোয় ওয়েস্ট ইন্ডিজ। মূল কাজ বোলিংয়ে টানা দুই ম্যাচে উইকেটশূন্য হোল্ডার, তবে ব্যাট হাতে এটি টানা দ্বিতীয় ফিফটি।
তাতে লড়াই করা গেছে। কিন্তু এই ভারতকে হারাতে তো চাই আরও বেশি কিছু!