আজ রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতলে স্প্যানিশ লিগে টানা ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়বে বার্সেলোনা। টানা ১৫টি ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে যৌথভাবে শীর্ষে তারা। ১৯৬০-৬১ মৌসুমে এই রেকর্ড গড়েছিল আলফ্রেডো ডি স্টেফানোর রিয়াল। অর্ধশতাব্দীর সেই রেকর্ড এখন ভাঙনের মুখে। ইংলিশ লিগে টানা জয়ের রেকর্ড আর্সেনালের। ২০০২ সালে গানাররা জিতেছিল টানা ১৪ ম্যাচ। ২০০৬-০৭ মৌসুমে ইতালিয়ান লিগ ‘সিরি আ’তে রেকর্ড ১৭টি ম্যাচ টানা জিতেছিল ইন্টার মিলান। জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ (১৫ ম্যাচ, ২০০৫-০৬), পর্তুগিজ লিগে বেনফিকা (২৯ ম্যাচ, ১৯৭১-৭২), ডাচ লিগে আইন্দহোফেন (২৫ ম্যাচ, ১৯৮৭-৮৮), স্কটিশ লিগে সেল্টিক (২৫ ম্যাচ, ২০০৩-০৪) এবং ক্রোশিয়ান লিগে রেকর্ডটি ডায়নামো জাগরেবের (২৮ ম্যাচ)। এ তো গেল ইউরোপের বড় লিগগুলোর হিসাব। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ডটি স্পেনের। ২৬ জুন ২০০৮ থেকে পরের বছর ২৪ জুন পর্যন্ত টানা ১৫ ম্যাচ জেতে ‘লা ফুরিয়া রোজা’রা।