টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে আয়ারল্যান্ড
বিশ্বকাপ ক্রিকেটে জায়গা পাকা টেস্ট খেলুড়ে ১০টি দেশের। বাকি চারটি জায়গায় কারা নিজেদের নাম লেখাবে, তা নিয়ে প্রবল প্রতিদ্বন্দ্বিতা আইসিসির শীর্ষ সহযোগী দেশগুলোর মধ্যে। বিশ্বকাপে স্থান করে নেওয়ার প্রতিযোগিতা বিশ্ব ক্রিকেট লিগে শীর্ষ দুই দলের পাশাপাশি ২০১৪ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব থেকে আরও দুটি দেশ স্থান করে নেবে ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটে।এমন অবস্থায় প্রথম সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপে নাম লিখিয়ে ফেলেছে আয়ারল্যান্ড। ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে প্রথম খেলতে এসেই প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে হইচই ফেলে দেওয়া আয়ারল্যান্ডের এটি টানা তৃতীয় বিশ্বকাপ। গতকাল আমস্টার্ডামে অনুষ্ঠিত বিশ্ব ক্রিকেট লিগের খেলায় হল্যান্ডের বিপক্ষে দারুণ গুরুত্বপূর্ণ ম্যাচ ‘টাই’ করে আইরিশরা পয়েন্ট ব্যবধানে পেয়ে যায় বিশ্বকাপের টিকিট।আয়ারল্যান্ড ছাড়াও বিশ্ব ক্রিকেট লিগ থেকে আরও একটি দেশের সরাসরি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ এখনো আছে। দ্বিতীয় স্পটটির জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা হল্যান্ড, স্কটল্যান্ড, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের। এ চারটি দেশের যেকোনোটিই অস্ট্রেলিয়ার বিশ্বকাপে আয়ারল্যান্ডের সঙ্গী হতে পারে।সহযোগী সদস্য দেশগুলোর মধ্য থেকে বিশ্বকাপে খেলার জন্য তৃতীয় ও চতুর্থ দলটি বাছাই হবে আগামী বছর। সেখানে বিশ্ব ক্রিকেট লিগ থেকে সরাসরি বিশ্বকাপে স্থান করে নিতে ব্যর্থ হওয়া দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হবে হংকং, নেপাল, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। বিশ্বকাপ ক্রিকেট বাছাই প্রতিযোগিতা নামের এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। সূত্র: রয়টার্স।অস্ট্রেলিয়া-ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে