টানা তৃতীয় জয়ের খোঁজে বাংলাদেশ
টানা দুই জয়ে হংকংয়ে দারুণ ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশ হকি দলের খেলোয়াড়েরা। এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল ম্যাকাও। তবে প্রতিপক্ষ দুর্বল হলেও আজকের ম্যাচটিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। কাল হংকং থেকে ফেসবুকে জিমি জানালেন, ‘টুর্নামেন্টের কোনো দলকেই খাটো করে দেখতে চাই না আমরা। গত দুটি ম্যাচের মতো এই ম্যাচও জিততেই মাঠে নামব।’
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংকে ও পরের ম্যাচে চীনা তাইপেকে হারিয়েছে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপের শীর্ষে। আজ বাংলাদেশ ড্র করলেও গ্রুপ-সেরা হয়েই সেমিফাইনালে খেলবে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা হংকংয়ের প্রতিপক্ষ চীনা তাইপে।
টানা দুই ম্যাচ হেরে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ম্যাকাও। প্রথম ম্যাচে চীনা তাইপের কাছে ২-০ গোলে হার, পরের ম্যাচে হংকংয়ের সঙ্গে ম্যাকাওয়ের পরাজয়ের ব্যবধান ছিল ৫-১।