টানা দুই হলুদ কার্ড দেখলেও ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২০০২ বিশ্বকাপে দুর্দান্ত খেলে জার্মানিকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। কিন্তু ফাইনালে খেলা হয়নি মাইকেল বালাকের। ১৯৯৪ বিশ্বকাপে ইতালির আলেসান্দ্রো কস্টাকুর্তা ফাইনাল মিস করেছেন একই কারণে। ১৯৯০-এ ক্লদিও ক্যানেজিয়ারও হয়েছিল তাই।কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল—দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখার খাঁড়ায় কাটা পড়েছিল এই তিনজনেরই বিশ্বকাপ ফাইনাল। এবার আর এমন দুর্ভাগ্য ছুঁতে পারবে না কাউকে। এই বিশ্বকাপের জন্য হলুদ কার্ডের নিয়মটা পরিবর্তন করেছে ফিফা।কোনো খেলোয়াড় কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে পর পর দুই ম্যাচে হলুদ কার্ড দেখলেও ফাইনালে খেলতে পারবে এবার। তবে সেমিফাইনালে দুই হলুদ কার্ড বা লাল কার্ড পেলে ফাইনালে তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে। প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ড পর্যন্ত কার্ডের নিয়মটা আগের মতোই আছে। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখলে খেলা হবে না পরের ম্যাচে।২০০২ বিশ্বকাপে বালাকের ফাইনাল মিস করার পর থেকেই ব্যাপারটি নিয়ে ভাবতে শুরু করেছিল ফিফা। সেই ভাবনার ফলই নিয়মের এই পরিবর্তন। ‘ফিফার কথা হচ্ছে, আমরা সেরা খেলোয়াড়দের ফাইনালে খেলার সুযোগ দিতে চাই’—বলেছেন ফিফার মুখপাত্র ম্যারিয়াস স্নাইডার। রয়টার্স।