টানা দ্বিতীয় শিরোপা থেকে এক জয়ের দূরত্বে মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালের জন্য অনুশীলনের ফাঁকে এভাবেই পোজ দিল আত্মবিশ্বাসী মেয়েরা। ছবি: প্রথম আলো
ফাইনালের জন্য অনুশীলনের ফাঁকে এভাবেই পোজ দিল আত্মবিশ্বাসী মেয়েরা। ছবি: প্রথম আলো
>

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটা জিতলেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উৎসব করবে মেয়েরা

হিমালয়ের চূড়ায় প্রতিদিনের মতো আজও সূর্যটা উঠেছে। থিম্পু শহরের সিটি সেন্টারের ক্লক টাওয়ারের ঘড়িটাও ঘুরছে আপন গতিতে। পর্যটকেরা কেউ ছুটে চলেছে পারো, কেউ যাচ্ছে পুনাখা, ফুনসোলিংয়ের সৌন্দর্য উপভোগ করতে। আজ ভুটানে ছুটির দিন। ব্যস্ত নাগরিক জীবনের কোলাহল তাই ততটা ছুঁয়ে যাচ্ছে না ভুটানিজদের। শহরে চলমান মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ টুর্নামেন্ট নিয়ে কথা বলারও লোক কম! ভুটান যে সেমিফাইনালেই হেরেছে বাংলাদেশের কাছে।

ভুটানিজদের জন্য এটি হতে পারে অন্য আরেকটি দিন। কিন্তু বাংলাদেশের ফুটবলের আরেকটি ইতিহাস গড়ার দিন আজ। মেয়েদের বয়সভিত্তিক সাফে টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে তুলতে একটা মাত্র জয়ের দূরত্বে মারিয়া মান্দারা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

কাল সকালে চাংলিমিথাং স্টেডিয়ামে শেষ বারের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা। বিকেলে এক পশলা বৃষ্টির পর মাঠে এসেছিল ভারত। ফ্লাডলাইট জ্বালিয়ে মনের মতো অনুশীলন সেরে তবেই টিম হোটেলে ফিরেছে। বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে লড়াইটা জুতসই করতে প্রস্তুতির এতটুকু কমতি রাখতে চাইছে না ভারতের তরুণ কোচ ফিরমিন ডি সুজা। বাংলাদেশও চাইছে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উৎসব করতে।

টিম হোটেলে বাংলাদেশের মেয়েরা রয়েছে বেশ ফুরফুরে মেজাজে। কাল রাতে মেয়েরা যার যার কক্ষে শুয়ে গান শুনেছে, আড্ডা দিয়েছে। রাতে ভারতের বিপক্ষে কৌশল নির্ধারণের জন্য ফুটবলারদের নিয়ে মিটিং করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন ও দলের সঙ্গে ভুটানে আসা ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি।

ছয় দলের টুর্নামেন্টে অনুমিতভাবেই ফাইনালে উঠেছে দুই ফেবারিট দল। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত হারিয়েছে শ্রীলঙ্কা, ভুটান ও নেপালকে। সব মিলিয়ে ভারত প্রতিপক্ষের জালে গোল করেছে ১৫ বার। হজম করেছে একটি। আর বাংলাদেশ ফাইনালে উঠেছে পাকিস্তান, নেপাল ও ভুটানকে হারিয়ে। তিন ম্যাচে বাংলাদেশ এ পর্যন্ত একটিও গোল খায়নি, সর্বোচ্চ ২২ গোল দিয়েছে। সবচেয়ে বড় কথা, এই বাংলাদেশ দলে যেন সবাই স্ট্রাইকার!

শুধু গোলরক্ষক মাহমুদা, ডিফেন্ডার নাজমা ও নীলাই টুর্নামেন্টে কোনো গোল পায়নি। সেরা একাদশের বাকিদেরই গোল রয়েছে। প্রতি ম্যাচে বদলি হিসেবে নেমেই শামসুন্নাহার জুনিয়র যা করে দেখাচ্ছে, এতেই তো প্রতিপক্ষের থরহরি কম্প! ৪টি করে গোল করে এরই মধ্যে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে নাম লিখিয়েছে তহুরা খাতুন ও ভারতের সিল্কি দেবীর সঙ্গে।

দুই দলের শক্তিমত্তার তুলনায় যথেষ্ট এগিয়ে বাংলাদেশ। শারীরিক ফিটনেস, কৌশল, বলের নিয়ন্ত্রণ, পারস্পরিক বোঝাপড়া ও গতিতে বাংলাদেশের মেয়েদের সঙ্গে পারাটা বেশ কঠিনই হবে ভারতের। গত বছর এই ভারতকেই সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে দু বার হারিয়েছিল বাংলাদেশ। লিগ পর্বে ৩-০ গোলে হারানোর পর ফাইনালে বাংলাদেশ জেতে ১-০ গোলে। বয়সভিত্তিক প্রতিযোগিতায় অবশ্য সর্বশেষ পাঁচবারের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে চারবার। ঢাকায় ২০১৪ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ভারতের মেয়েরা ২-১ গোলে জিতেছিল। এরপর ২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে তাজিকিস্তানে গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল ৩-১ গোলে। ফাইনালে ভারতকে হারায় ৪-০ গোলে। ওই ম্যাচে হ্যাটট্রিক করে তহুরা। এরপর ঢাকায় সাফের টুর্নামেন্টে টানা দুই জয়।

মেয়েদের এই শপথ শিরোপা ধরে রাখার। ছবি: প্রথম আলো
মেয়েদের এই শপথ শিরোপা ধরে রাখার। ছবি: প্রথম আলো

বাংলাদেশকে বেশ সমীহই করছেন মুম্বাইয়ের স্থানীয় ফুটবল লিগের সাবেক ফুটবলার ও ভারতের বর্তমান কোচ ডি সুজা, ‘বাংলাদেশ গত কয়েক বছর ধরেই বয়সভিত্তিক টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলছে। তা ছাড়া আমরা কোনো দলকেই হালকাভাবে নিচ্ছি না। এই ম্যাচেও মেয়েরা সর্বশক্তি দিয়ে জেতার জন্য খেলবে।’ গোলাম রব্বানী ছোটন বরাবরের মতোই বললেন পুরোনো কথা, ‘আমি আশা করি মেয়েরা ভারতের সঙ্গে তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে।’ মারিয়া-মনিকাদের স্বাভাবিক খেলার পরিণতি যে কতটা ভয়ংকর সেটা তো এরই মধ্যে টের পেয়েছে টুর্নামেন্টে অংশ নেওয়া পাকিস্তান, নেপাল ও ভুটান!

এই টুর্নামেন্টের জন্য যেখানে বাংলাদেশ টানা সাত মাস অনুশীলন করেছে, সেখানে মাত্র ২৩ দিনের প্রস্তুতি নিয়েছে ভারত। উড়িষ্যার আবাসিক ক্যাম্পে অংশ নেওয়া মেয়েরাই খেলছে টুর্নামেন্টে। গত আসরে বাংলাদেশের কাছে হারের পর ভারতের কোচ ময়মল রকিকে বরখাস্ত করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। গতবারের দলের অভিজ্ঞদের মধ্যে বয়স ও পারফরম্যান্সের কারণে বাদ পড়েছে মনিকা দেবী, প্রতীক্ষা লাকরা, পুস্পরানীসহ নয় ফুটবলার।

মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশ দলে গত বছরের আঠারো ফুটবলারের সঙ্গে এবার যোগ হয়েছে নতুন পাঁচজন। অথচ ভারতের দলে রয়েছে গতবারের পাঁচ ফুটবলার—সিল্কি দেবী, অভিকা সিং, কৃতিনা দেবী, সুনিতা মুন্ডা ও প্রিয়াঙ্কা দেবী। বাকি আঠারো জনই নতুন! এবারের টুর্নামেন্টে খেলে অনেকের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। গত আসরের সর্বোচ্চ গোলদাতা (৪টি) প্রিয়াঙ্কা এবার গোলের খাতাই খুলতে পারেনি!

নেপালের বিপক্ষে চোট পাওয়ায় কাল অনুশীলন করেনি সিল্কি। যদিও ভারতের কোচ বলেছেন, চোট তত গুরুতর নয়। বাংলাদেশের আঁখি খাতুনকেও কাল অনুশীলন থেকে বিশ্রাম দিয়েছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। পায়ের মাংসপেশিতে হালকা টান লেগেছে আঁখির। টিম হোটেলে তাই আঁখি শুধু আইসবাথ করেছে। তবে আঁখিরও আজ খেলার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

অধিনায়ক মারিয়া মান্দার যেন ট্রফি হাতে তুলতে তর সইছে না, ‘আমরা গত তিনটি ম্যাচ যেভাবে খেলেছি ভারতের বিপক্ষেও সেভাবে খেলে চ্যাম্পিয়ন হতে চাই।’