টানা পাঁচের পথে জুভের আরেক ধাপ
সর্বশেষ চার মৌসুম ধরেই সিরি ‘আ’র শিরোপাটা তাদের সম্পত্তি। এবারও জুভেন্টাসের নাকে লাগছে শিরোপার সুবাস। এবারও স্কুডেট্টো জিতলে তা একটা বাড়তি মাহাত্ম্য নিয়েই আসবে জুভেন্টাসের ট্রফি-কেসে। প্রথম ক্লাব হিসেবে দ্বিতীয়বারের মতো টানা পাঁচটি সিরি ‘আ’ জয়ের অনন্য কীর্তি গড়বে জুভেন্টাস।
টানা পাঁচবার সিরি ‘আ’ জয়ের কীর্তি জুভেন্টাস আগেও একবার গড়েছে, ১৯৩০-৩১ থেকে ১৯৩৪-৩৫ মৌসুম পর্যন্ত। এ রেকর্ডে জুভেন্টাসের অংশীদার আরও দুটি ক্লাব—তুরিনো ও ইন্টার মিলান। ১৯৪২-৪৩ থেকে ১৯৪৮-৪৯ মৌসুম পর্যন্ত পাঁচবার সিরি ‘আ’ জিতেছিল তুরিনো, তবে এর মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দুই মৌসুম লিগ বন্ধ ছিল। ইন্টার মিলানের কীর্তিটা খুব সাম্প্রতিক, ২০০৫-০৬ থেকে ২০০৯-১০ পর্যন্ত। এবার জুভদের সামনে হাতছানি রেকর্ডটাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার।
মাঝে কয়েক সপ্তাহ নাপোলি কিছুটা আশা জাগিয়েছিল। মাস খানেক সিরি ‘আ’র শীর্ষে ছিল নেপলসের ক্লাবটি। শুধু ওই সময়টাতেই মনে হচ্ছিল, এ মৌসুমে ইতালিয়ান লিগে হয়তো হাড্ডাহাড্ডি লড়াই হতেও পারে। প্রবল প্রতাপে ঘুরে দাঁড়িয়ে জুভেন্টাস শুধু শীর্ষস্থানই পুনরুদ্ধার করেনি, পরশু রাতে পালের্মোকে ৪-০ গোলে হারিয়ে সিরি ‘আ’র শিরোপাতেও এক হাত দিয়ে রেখেছে।
হিসাবটা আরও সহজ হয়ে গেছে আগের রাতে নাপোলি ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায়। ৩৩ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৭৯, নাপোলির পয়েন্ট ৭০। পরাশক্তি দুই মিলান অনেক পেছনে—৬১ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান চারে, ছয়ে থাকা এসি মিলানের পয়েন্ট ৫২।
তার মানে বাকি ৫ ম্যাচ থেকে মাত্র ৭ পয়েন্ট পেলেই সিরি ‘আ’র শিরোপা নিশ্চিত হয়ে যাবে জুভেন্টাসের। লিগে সর্বশেষ ২৩ ম্যাচে যাদের ২২ জয় আর ১টি ড্র, সে দলের জন্য এটা কঠিন কিছু হওয়ার কথা নয়।
তবে পুরোপুরি নিশ্চিত হওয়ার আগে শিরোপা নিয়ে কথা বলতে রাজি নন জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি, ‘আমরা ৯ পয়েন্টে এগিয়ে, গোল ব্যবধানও ভালো। কিন্তু সিরি “আ”র লড়াই এখনো শেষ হয়নি। এখনো আমাদের দুটি জয় আর একটি ড্র দরকার। তারপর আমরা শিরোপা নিয়ে কথা বলতে পারব।’
তখন আর অ্যালেগ্রির বলারই বা কী দরকার! তখন তো ফুটবল–বিশ্বই জুভদের জয়গান গাইবে। এএফপি।