ফরাসি গোলরক্ষক হুগো লরিসকে যখনই দলে টানল টটেনহাম হটস্পার, তখনই বোঝা গিয়েছিল অচিন্তনীয় ব্যাপারটাই ঘটতে যাচ্ছে। সেটা ঘটলও গত রোববার। ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড টানা ৩১০টি ম্যাচ খেলার পর ওই দিনই প্রথম সাইড বেঞ্চে বসে খেলা দেখলেন ব্র্যাড ফ্রিডেল। ৪১ বছর বয়সী মার্কিন গোলরক্ষক এর আগে সর্বশেষ সেই ২০০৩-০৪ মৌসুমে কোনো ম্যাচে দলের বাইরে ছিলেন। তখন ব্ল্যাকবার্ন রোভার্সে খেলতেন। এরপর অ্যাস্টন ভিলা (২০০৮-১১) হয়ে গত মৌসুমে টটেনহামে যোগ দেন। ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ফুটবলে টানা ম্যাচ খেলায় ফ্রিডেলের ধারেকাছেও নেই কেউ। দুই গোলরক্ষক ডেভিড জেমস (২৩০) ও টিম হাওয়ার্ড (১৯০) এবং গর্ডন স্ট্রাচ্যান (১৭৯) আছেন ফ্রিডেলের কাছাকাছি। ইংল্যান্ডের সব পর্যায়ের ফুটবলে রেকর্ডটি হ্যারল্ড বেলের। ১৯৪৬ থেকে ১৯৫৫ সালের আগস্ট পর্যন্ত টানা ৪০১টি ম্যাচ খেলেছিলেন তৃতীয় বিভাগের দল ট্রানমেয়ার রোভার্সের এই ফুটবলার।