গৌতম গম্ভীরের সৌজন্যে টেস্টে টানা সেঞ্চুরির রেকর্ডটা কার এটা মোটামুটি সবার জানা হয়ে গেছে। কিন্তু টেস্ট ইনিংসে টানা সেঞ্চুরির রেকর্ড? গম্ভীর সেঞ্চুরি করেছেন টানা ৫ টেস্টে আর রেকর্ডটি যাঁর তিনি ৫ সেঞ্চুরি করেছেন টানা ৫ ইনিংসে। কীর্তিটি ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ‘থ্রি ডব্লু’-এর একজন স্যার এভারটন উইকসের। ১৯৪৮ সালে গম্ভীরের দেশ ভারতের বিপক্ষেই কিংস্টন, দিল্লি, মুম্বাই, কলকাতা মিলিয়ে টানা ৫টি সেঞ্চুরি করেছিলেন উইকস। টানা ৪ ইনিংসে সেঞ্চুরি আছে ৩ জনের। একজন গম্ভীরের ড্রেসিংরুমেই আছেন। ২০০২ সালে টানা ৪টি সেঞ্চুরি করেছিলেন রাহুল দ্রাবিড়। অস্ট্রেলিয়ার জ্যাক ফিঙ্গলটন ৫ টেস্ট সেঞ্চুরির ৪টিই করেছিলেন টানা ৪ ইনিংসে, ১৯৩৬ সালে। দক্ষিণ আফ্রিকার অ্যালান মেলভিল টেস্টে সেঞ্চুরিই করেছেন ৪টি, সেই ৪টিই আবার টানা ৪ ইনিংসে। আরও মজার ব্যাপার হলো, এর প্রথমটি ১৯৩৯ সালে, আর পরের তিনটি ১৯৪৭ সালে। কারণ? দ্বিতীয় বিশ্বযুদ্ধ।