টানা হারে অভ্যস্ত নই: মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিককালে মাঠের পারফরম্যান্সটা একেবারেই ভালো না বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের কাছে হারের পর কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে পরাজয়। চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের সঙ্গে হারের ব্যবধানটা ২-০ হওয়ায় শেষ আটে স্থান করে নেওয়াটাও অনেকটা কঠিন হয়ে গেছে কাতালানদের জন্য। পুরো পরিস্থিতি বার্সা শিবিরে তৈরি করেছে নিদারুণ হতাশা ও অস্বস্তি। কারণ, টানা হারে যে একেবারেই অভ্যস্ত নয় বিশ্বসেরা এই ক্লাব।দলের আর্জেন্টাইন প্লে-মেকার লিওনেল মেসিই মূলত ব্যাপারটি প্রকাশ করেছেন। এসি মিলান ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা দুটি বড় ম্যাচে হারে মুষড়ে পড়েছেন তিনিও। স্পষ্টই জানিয়েছেন, এমন পরিস্থিতিতে একেবারেই অভ্যস্ত নয় তাঁর দল। তবে এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণই কাম্য চারবারের ব্যালন-ডি অর বিজয়ীর।সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে নিজের প্রোফাইলে মেসি লিখেছেন, ‘এসি মিলানের কাছে ২-০ গোলে হারের পর কোপা দেল রে’র সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে হারটি দলের খেলোয়াড়েরা কিছুতেই মেনে নিতে পারছে না। ব্যাপারটি তাদের মধ্যে সত্যিই বড় রকমের হতাশার জন্ম দিয়েছে। আমরা তো এ ধরনের পরিস্থিতিতে অভ্যস্ত নই।’ আজ শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে লা লিগার দ্বৈরথ। মাদ্র তিন দিন আগে পাওয়া বড় ধরনের একটি পরাজয়ের আঘাত নিয়ে আজকের লড়াইয়ে বার্সেলোনা কেমন করবে—এ নিয়ে উত্কণ্ঠার অন্ত নেই বার্সেলোনা সমর্থকদের। তবে মেসি মনে করেন, খেলোয়াড়েরা আজকের ম্যাচের আগেই নিজেদের ফিরে পাবেন। মেসি বলেন, ‘সে বিশ্বাস সতীর্থদের ওপর আমার আছে।’