টানা ২৭ ম্যাচ জয়!
দ্য নিউ সেইন্টস (টিএনএস) দলটি বলতেই পারে, আজ ইউরোপের বড় লিগে খেলি না বলে আমাদের নিয়ে মাতামাতি নেই। প্রিমিয়ার লিগে চেলসির টানা ১৩ ম্যাচে জয় নিয়েই যখন এত আলোচনা, ঠিক সেই সময়ই নীরবে টিএনএস গড়েছে টানা জয়ের বিশ্ব রেকর্ড। ওয়েলস প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা ভেঙে দিয়েছে ৪৪ বছর আগে ইয়োহান ক্রুইফের কিংবদন্তি আয়াক্সের গড়া রেকর্ড।
গত শুক্রবার লিগে কেফন ড্রুইডসের বিপক্ষে ২-০ গোলের জয়টি ছিল সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির টানা ২৭তম জয়, ১৯৭২ সালে আয়াক্সের গড়া রেকর্ডের চেয়ে একটি ম্যাচ বেশি।
গত দুই মৌসুমে দুবারই ঘরোয়া ট্রেবল জিতেছে টিএনএস। এবারও লিগে জিতেছে ২১ ম্যাচের সব কটিই। এর পাশাপাশি ওয়েলস কাপে চারটি ম্যাচ জিতেছে। বাকি দুটি স্কটিশ চ্যালেঞ্জ কাপে, আমন্ত্রিত হয়ে সেই টুর্নামেন্টে খেলতে গিয়েছিল টিএনএস।
তবে এখানেই থামতে চান না দলটির চেয়ারম্যান মাইক হ্যারিস, ‘আয়াক্সের খেলা আমি দেখতাম। কখনো ভাবিনি আমিই এমন দলের সঙ্গে থাকব যারা তাঁদের রেকর্ডটা ভেঙে দেবে। তবে এখনো পার্ক হলে (দলটির স্টেডিয়াম) আরও অনেক সাফল্য আসার বাকি।’ বিবিসি, স্কাই স্পোর্টস।