টানা ৯ বার হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগ চ্যাম্পিয়ন হতে চান, কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে দলকে তারার হাট না বানিয়ে জ্লাতান ইব্রাহিমোভিচকে দলে নিয়ে নিন। শিরোপা থেকে আপনার দলকে বঞ্চিত করে সাধ্য কার। যে ক্লাবে ইব্রা সে ক্লাবই চ্যাম্পিয়ন, আট বছর ধরে এটাই হয়ে আসছিল ফুটবল-বিশ্বে। কিন্তু গত পরশু ভেঙে গেল এই মিথ। ইন্টারের কাছে হেরে জুভেন্টাসকে স্কুডেট্টো তুলে দিয়েই মিথটি ভাঙল ইব্রার দল এসি মিলান। ২০০৩ সালের পর এই প্রথম লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য নন সুইডিশ তারকা। টানা লিগ জয়ের ট্রিপল হ্যাটট্রিকটা আর পেলেন না। ইব্রা অবিশ্বাস্য এই সাফল্যগাথার সূচনা করেন ২০০৩-০৪ মৌসুমে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামকে এরিডিভিসি জিতিয়ে। এবার যে জুভেন্টাস তাঁকে লিগ শিরোপাবঞ্চিত করল, সেই জুভেন্টাসকে ২০০৪-০৫ ও ২০০৫-০৬ টানা দুবার জিতিয়েছেন সিরি ‘আ’। যদিও পরে ম্যাচ পাতানোর অভিযোগে কেড়ে নেওয়া হয় ওই দুটি ট্রফি। জুভেন্টাসকে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়া হলে ইন্টারে যোগ দেন এই স্ট্রাইকার। ১৭ বছর পর প্রথম সরাসরি লিগ জেতে নেরাজ্জুরিরা। এরপর তো লিগ জয়ের হ্যাটট্রিকই হয়ে যায়। ২০০৯-১০ মৌসুমে ৬৬ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে যোগ দেন বার্সেলোনায়। বার্সেলোনা জেতে লা লিগা। পেপ গার্দিওলার সঙ্গে বিবাদে জড়িয়ে গত মৌসুমে বার্সা ছেড়ে চলে আসেন এসি মিলানে। ছয় বছর পর সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হয় এসি মিলান। কিন্তু এবার আর হলো না। হলো না টানা নয়টি লিগ জয়ও। ওয়েবসাইট।