টার্নারের ‘ডাবল সেঞ্চুরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়ালিয়রে ওয়ানডের প্রথম ডাবল সেঞ্চুরিটা করার পথে শচীন টেন্ডুলকার বল খেলেছিলেন ১৪৭টি। না, এক দিনের আন্তর্জাতিক ম্যাচে এটি সবচেয়ে বেশি খেলার রেকর্ড নয়। ১৯৭৫ সালে পূর্ব আফ্রিকার বিপক্ষে ১৭১ রানের ইনিংসটা খেলার পথে ২০১ বল খেলেছিলেন নিউজিল্যান্ডের এই সাবেক ব্যাটসম্যান গ্লেন টার্নার। ওটা ছিল ৬০ ওভারের ম্যাচ। তখন ওয়ানডে ক্রিকেট ৫৫ থেকে ৬০ ওভারের মধ্যেই হতো। তাই সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডের প্রথম ছয়টি ইনিংসই সে সময়কার। ৫০ ওভারে নামার পর ওয়ানডে ক্রিকেটে বলের হিসাবে সবচেয়ে লম্বা ইনিংসটা খেলেছেন কানাডার আশীষ বাগাই, ২০০৭ সালে নাইরোবিতে স্কটল্যান্ডের বিপক্ষে ১৭২ বল খেলে অপরাজিত ছিলেন ১৩৭ রানে। দুই টেস্ট খেলুড়ে দেশের ওয়ানডে ম্যাচে সবচেয়ে লম্বা ইনিংসটি খেলেছেন ডেভিড বুন। ১৯৯১ সালে ভারতের বিপক্ষে অপরাজিত ১০২ রানের ইনিংসটায় তিনি বল খেলেছিলেন ১৬৮টি। ওয়ানডেতে রানের ডাবল সেঞ্চুরি টেন্ডুলকারের হতে পারে, বলের হিসাবে সেটি কেবলই গ্লেন টার্নারের!