টালমাটাল মোদির আসন
ভাগ্যে বিশ্বাসী লোলিত মোদি তাঁর ব্যক্তিগত জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেবতা গণপতির পায়ে দিতে পারেন অর্ঘ্য। যদিও শেষ পর্যন্ত তাঁর ভাগ্য নির্ধারণ হবে আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভায়। ২৬ এপ্রিলের ওই সভা শেষেই জানা যাবে আইপিএলের চেয়ারম্যান পদে মোদির থাকা হচ্ছে কি না। গত তিন বছরে তরতর করে সিঁড়ি ভেঙে ওপরে উঠে যাওয়া মোদির সামনে কি অপেক্ষা করছে আকস্মিক পতন?পূর্বাভাস তেমনটাই। বিষয়টি এখন ভারত সরকারের হাতে পৌঁছেছে। ভারতে ‘আইপিএল’ এখন যে আর শুধু ক্রিকেটের মধ্যে নেই, রাজনীতি জুড়ে গেছে এর সঙ্গে। মনমোহন সিং আর সোনিয়া গান্ধী এরই মধ্যে কংগ্রেস নেতা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ঊর্ধ্বতন কর্মকর্তা রাজীব শুক্লার কাছ থেকে পুরো বিষয়টি শুনেছেন। আইপিএলে ব্যবসায়িক অনিয়ম, সম্প্রচার সংস্থার বিরুদ্ধে কর ফাঁকি, কর কর্মকর্তাদের আইপিএলের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থায় হানা—সব মিলিয়ে গত কিছুদিনের নেতিবাচক খবরের পর টুর্নামেন্টটির বিশ্বস্ততা আর জনপ্রিয়তা ধরে রাখতে দ্রুত একটা সমাধানে পৌঁছানো জরুরি বলে মনে করছে সব পক্ষ। আইপিএলের সাম্প্রতিক এই কেচ্ছাকাহিনি ক্রিকেটের চেতনাকেই ধ্বংস করছে বলে মনে করছেন ভারতের সাবেক কোচ জন রাইট।এরই মধ্যে ভারতের একটি শীর্ষস্থানীয় বাংলা দৈনিক জানিয়েছে, অনিয়মের অভিযোগে চলা তদন্তে উঠে এসেছে সাবেক বিসিসিআই প্রধান এবং আইসিসি হবু সভাপতি শারদ পাওয়ারের নামও। পাওয়ার কংগ্রেস জোট সরকারের মন্ত্রী হলেও বিজেপির আশীর্বাদধন্য মোদিরও পাশে আছেন। একমাত্র পাওয়ারের কারণেই মোদি এখনো ক্ষমতা টিকিয়ে রেখেছেন বলেও শোনা যায়। গত কিছুদিনের ঘটনাপ্রবাহের পর মনমোহন সিং সরকারের পক্ষ থেকে পাওয়ারকেও সতর্ক করে দেওয়া হয়েছে মোদির পাশ থেকে সরে আসার জন্য।বিসিসিআইয়ের মিডিয়া আর অর্থ কমিটির প্রধান শুক্লা কাল সাংবাদিকদের আভাস দিয়েছেন, আগামী সোমবারের ওই বৈঠকে ‘কঠোর’ সিদ্ধান্ত আসতে পারে। মোদি যে স্বেচ্ছায় সরে যেতে রাজি নন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের তিনি জানান, ‘প্রশ্নটা কোনো ব্যক্তির সরে যাওয়া না-যাওয়া নিয়ে নয়। গতকাল (পরশু) শশাঙ্ক মনোহর (বিসিসিআইয়ের বর্তমান প্রধান) এবং শারদ পাওয়ারের (সাবেক প্রধান) মধ্যে যে বৈঠক হয়েছে, তাতে ঠিক করা হয়েছে ২৬ তারিখের সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেট আর বিসিসিআইয়ের স্বার্থেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিসিআই, ক্রিকেটের ভাবমূর্তি রক্ষায় যেকোনো কঠিন সিদ্ধান্ত নিতে আমরা পিছপা হব না।’পাওয়ার সমর্থন তুলে নিলে মোদি কোণঠাসা হয়েই পড়বেন। তবে এরই মধ্যে আইপিএলের বর্তমান আটটি দলের মালিকদের অনেকেই মোদির পাশে এসে দাঁড়াচ্ছেন। রাজস্থান রয়্যালসের শিল্পা শেঠি যেমন প্রকাশ্যেই বলেছেন, ‘যা হচ্ছে তা স্রেফ রাজনীতির চাল।’ তথ্যসূত্র: প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি।