টি-টোয়েন্টি খেলতে পারছেন না মুশফিক
আল আমিনের বলে কিপিং করতে গিয়ে বাঁ হাতের কড়ে আঙুলে চোট পেয়েছিলেন গত পরশু৷ সেই চোট নিয়ে সেদিন খেলা চালিয়ে গেলেও কাল সকালে ঘুম থেকে উঠে প্রচণ্ড ব্যথা অনুভব করেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম৷ সঙ্গে সঙ্গেই এক্স-রে করানো হয়৷ হাড়ে চিড় ধরা না পড়লেও চোটের অস্তিত্ব ভালোই জানান দিয়েছে তা৷ কাল আর তাই মাঠেই নামেননি৷ তবে বিসিবির চিকিত্সক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ব্যথানাশক ইনজেকশন নিয়ে হলেও মুশফিক হয়তো ব্যাটিং করতে পারবেন৷
সেটা হলেও ব্যবস্থাটা যে হবে সাময়িক, তার প্রমাণ কালই ঘোষণা করা শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল৷ যাতে নেই মুশফিকুর রহিমের নাম৷ প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, ‘সামনে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ সে জন্য ঝঁুকি না নিতেই টি-টোয়েন্টি দলের বাইরে রাখা হয়েছে মুশফিককে৷’ মুশফিকের পুরোপুরি সুস্থ হতে কত দিন সময় লাগতে পারে, সে ব্যাপারে নির্দিষ্ট কিছু বলেননি দেবাশিস, ‘আপাতত প্রতিদিনই তাঁর অবস্থা পর্যবেক্ষণ করব আমরা৷ ঢাকায় গিয়ে এমআরআই করানোর পরই বলা যাবে সুস্থ হতে কত দিন সময় লাগবে৷’ টি-টোয়েন্টি দলে যেহেতু নেই, দ্বিতীয় টেস্টের পরই ঢাকা ফিরে যেতে পারেন মুশফিক৷ প্রথম দিন হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া আবদুর রাজ্জাকও ফিল্ডিংয়ে নামেননি কাল৷ তবে তাঁর অবস্থা অনেকটাই ভালো বলে জানিয়েছেন দেবাশিস৷
শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের জন্য মুশফিকের ডেপুটি করা হয়েছিল তামিম ইকবালকে৷ মুশফিকের অনুপস্থিতিতে কাল দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি৷ তবে কী এক রহস্যময় কারণে টি-টোয়েন্টি দলে অধিনায়ক ঘোষণা করা হয়নি কাউকেই৷ এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের ব্যাখ্যা, ‘অধিনায়ক, সহ-অধিনায়ক মনোনীত করে বোর্ড৷ কাজেই এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না৷’ একটি সূত্রে অবশ্য জানা গেছে, মুশফিক না ফেরা পর্যন্ত আপত্কালীন সময়ের জন্য অধিনায়ক করা হতে পারে সাকিব আল হাসানকে ৷ ডেপুটি হিসেবে থাকতে পারেন নাসির হোসেন৷ এখানেও তামিমের নামটা শোনা না যাওয়ার কারণ হতে পারে একটাই, ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না তামিমের৷ ১২ ও ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠেয় দুটি টি-টোয়েন্টির জন্য ঘোষিত দলে একেবারেই নতুন মুখ অলরাউন্ডার সাব্বির রহমান ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি৷
টি-টোয়েন্টি সিরিজের দল: তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, আল আমিন হোসেন, সাব্বির রহমান, আরাফাত সানি৷