টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু মার্চে
আজ ৬ এপ্রিল ২০১৩। আজ থেকে ঠিক এক বছর পর ২০১৪ সালের ৬ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আজ শনিবার মিরপুরে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায়।আগামী বছরের ১৬ মার্চ বাংলাদেশে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। সংবাদ সম্মেলনে জানানো হয়, ছেলেদের প্রতিযোগিতার পাশাপাশি একই সঙ্গে অনুষ্ঠিত হবে মেয়েদের প্রতিযোগিতাও। আজই আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি তুলে দেওয়া হয় বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের হাতে। মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন মহিলা দলের সঙ্গে ভারত সফরে থাকায় তাঁর পক্ষে মেয়েদের প্রতিযোগিতার ট্রফি হাতে নেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রতিনিধি ক্রিকেটার সাথিরা জাকির।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিসির হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কলিং গিবসন, আইসিসির সহসভাপতি আ হ ম মুস্তফা কামাল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।দেশের মাটিতে ক্রিকেটের অন্যতম বড় এই আয়োজনে উচ্ছ্বসিত অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘দেশে আয়োজিত যেকোনো পর্যায়ের ক্রিকেটই দারুণ উপভোগ্য। বিশ্বকাপ হলে তো আর কথাই নেই।’ তিনি বলেন, ‘হাতে বছর খানেকের মতো যে সময় আছে, সেটাকে কাজে লাগিয়ে দেশের দর্শকদের জন্য ভালো কিছুই উপহার দিতে চাই আমরা।’মুশফিক আরও বলেন, ‘২০১১ বিশ্বকাপ আয়োজন করে আমাদের ভালো অভিজ্ঞতা হয়েছে। তবে মাঠে আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে দেশের মাটিতে। হাতে এক বছর সময় আছে। এর মধ্যে আমাদের টি-টোয়েন্টির পারফরম্যান্সে আরও ধারাবাহিকতা আনতে হবে।’