টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানের
টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। কিন্তু টি-টোয়েন্টিতে আবার ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে হাফিজ বাহিনী। জয়ের জন্য ১৯৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে হাফিজ ও উমর গুলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬ রানের বিনিময়ে ৫টি উইকেট শিকার করেছেন উমর গুল। ৩টি উইকেট পেয়েছেন হাফিজ।১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ব্যাটসম্যানদের নাজেহাল করে দিয়ে ১৩তম ওভারেই ম্যাচের ইতি টেনে দিয়েছেন পাকিস্তানি বোলাররা। প্রোটিয়া শিবিরে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছেন উমর গুল। মাত্র ১৪টি বল করে ৫টি উইকেট শিকার করেছেন পাকিস্তানের এই ডানহাতি পেসার। রান দিয়েছেন মাত্র ৬টি। ব্যাট হাতে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বল হাতেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তাঁর ঘূর্ণির ফাঁদে পড়েছেন তিনজন প্রোটিয়া ব্যাটসম্যান। একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ ইরফান ও জুনাইদ খান। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩৬ রান এসেছে ওপেনার এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। এ ছাড়া রোরি ক্লেইনভেল্ট ২২ ও রবিন পিটারসেন ১৩ রান করেছেন। এই তিনজন ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা।এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নাসির জামশেদ ভালো করতে পারেননি। ফিরে যান মাত্র ১৩ রান করে। তবে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ খেলেন দুর্দান্ত। ২৫ বলে ৪৬ রান করেন তিনি।শেহজাদ-হাফিজের দ্বিতীয় উইকেট জুটিতে ৮৩ রান সংগ্রহ করে পাকিস্তান। শেহজাদের জায়গায় খেলতে আসা উমর আকমল নিজেকে মেলে ধরতে পারেননি। ফিরে যান মাত্র ১১ রান করে। হাফিজ যেভাবে বোলারদের ওপর চড়াও হয়ে খেলছিলেন, মনে হচ্ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটা পেয়েই যাবেন তিনি। কিন্তু ভাগ্য সহায় হয়নি হাফিজের। ‘হিট উইকেট’ হয়ে সাজঘরে ফিরতে হয় পাকিস্তান অধিনায়ককে। হাফিজের বিদায়ের পর যেন কেবল আসা-যাওয়ার খেলা খেলেন শোয়েব মালিক (৭), কামরান আকমল (১) ও উমর গুল (১)। তবে ব্যতিক্রম ছিলেন শহীদ আফ্রিদি। ১৬ বলে ব্যক্তিগত ১৯ রানে অপরাজিত থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন রোরি ক্লেইনভেল্ট ও ক্রিস মরিস।সংক্ষিপ্ত স্কোর:পাকিস্তান ১৯৫/৭ (২০ ওভার)হাফিজ ৮৬, শেহজাদ ৪৬, আফ্রিদি ১৯*ক্লেইনভেল্ট ২/২৭, মরিস ২/৩৫দক্ষিণ আফ্রিকা ১০০ অল আউট (১২.২ ওভার)এবি ডি ভিলিয়ার্স ৩৬, রোরি ক্লেইনভেল্ট ২২, রবিন পিটারসেন ১৩উমর গুল ৫/৬, হাফিজ ৩/২৫ফল: পাকিস্তান ৯৫ রানে জয়ীটস: পাকিস্তানসূত্র: ক্রিকইনফো।