টি-টোয়েন্টিও দূরের বাতিঘর
দুর্ভাগ্য যখন পিছু নেয়, কোনো কিছুতেই ছাড়ে না। নইলে ওয়ানডে সিরিজ হারের যন্ত্রণায় কাতর বাংলাদেশ দল যখন প্রথম টি-টোয়েন্টিতে সামান্য অক্সিজেনের দেখা পাচ্ছিল, সেটাও কেন সরে যাবে সামনে থেকে! টেস্ট-ওয়ানডে সিরিজজুড়ে ছিল ব্যাটসম্যানদের বাজে শট খেলার প্রদর্শনী। রান করতে পারলে টি-টোয়েন্টিতে সেই অপরাধ মার্জনা করাই যেত। কিন্তু এবার পুড়তে হলো কিনা রান আউটের অভিশাপে!কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে কালকের ৬ রানের হার একটা জিনিস নিশ্চিত করে দিল। জিম্বাবুয়ে থেকে এবারও কোনো সিরিজ না জিতেই ফিরবে বাংলাদেশ দল। আজ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিতলে টেস্টের মতো ড্র হবে এই সিরিজ। আর হেরে গেলে ডুবতে হবে ওয়ানডে সিরিজ হারের মতো লজ্জায়।সিরিজ জয় তো নয়ই, মুশফিকুর রহিম এবার টস জয়ের ভাগ্য নিয়েও আসেননি জিম্বাবুয়েতে। কালকের আগে মুদ্রা নিক্ষেপে হাসতে পেরেছেন কেবল প্রথম টেস্টেই। টসে হার সঙ্গী এখন টি-টোয়েন্টিতেও। তবে টসে জিতে দুপুরের শুকনো উইকেটে আগে ব্যাটিং করা জিম্বাবুয়ে খুব বড় লক্ষ্য কিন্তু দিতে পারেনি বাংলাদেশের সামনে। ৫ উইকেটে ১৬৮ রান এমন পিচে অতিক্রমযোগ্যই। অথচ বাংলাদেশের জন্য সেই লক্ষ্যটাই কিনা থেকে গেল অধরা।ইনিংসের দ্বিতীয় বলেই তামিম ইকবালের স্টাম্প উপড়ে ফেলেন সেই ব্রায়ান ভিটরি, ২০১১ সালের সফরে যাঁকে ‘অর্ডিনারি’ বোলারের অপবাদ দিয়ে গিয়েছিলেন বাংলাদেশের ওপেনার। তাতেও সমস্যা ছিল না। আশরাফুলের জায়গায় দলে আসা আরেক ওপেনার শামসুর রহমান আর সাকিব আল হাসান মিলে তো খেলা প্রায় শেষই করে দিচ্ছিলেন। তাঁরা যতক্ষণ উইকেটে ছিলেন, এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু কল্পনা করেনি বাংলাদেশ দল। ৪০ বলে ৬৫ রান সাকিবের, শামসুরও পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটি, ৪৮ বলে করেছেন ৫৩ রান। দলের ২ রানের সময় জুটি বেঁধে দুজন একসঙ্গে ছিলেন ১২০ রান পর্যন্ত। কিন্তু সাকিবের বিদায়ে তাঁদের ১১৮ রানের জুটিই শুধু ভেঙে যায়নি, ভাঙতে থাকে বাংলাদেশের জয়ের স্বপ্নও। সাকিব আউট হওয়ার সময় জয়ের জন্য দরকার ছিল ৩৩ বলে ৪৯ রান, হাতে ৮ উইকেট। তখন তো সম্ভাবনা ছিলই, এক বল পর শামসুর কট বিহাইন্ড হয়ে যাওয়ার পরও মনে হয়নি ম্যাচটা বাংলাদেশের জন্য এগোচ্ছে করুণ পরিণতির দিকে।শামসুরের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে সাকিবও একবার রান আউট হতে গিয়েছিলেন। সে যাত্রা তিনি বেঁচে গেলেও ইনিংসের ১৬তম ওভারেই নাসির ও মাহমুদউল্লাহর রান আউট মাটি করে দেয় সব আশা। ১২০ রানে ১ উইকেট থেকে মাত্র ২ ওভারের মধ্যে স্কোর হয়ে যায় ১৩০/৫! একটার পর একটা হারে ক্লান্ত অধিনায়ক মুশফিকুর রহিম তার পরও প্রায় একাই লড়ে গেছেন। কিন্তু সঙ্গে একজন সঙ্গীও তো চাই! জিয়া (৭ বলে ২), সোহাগরা (৪ বলে ২) শুধু একটার পর একটা বলই নষ্ট করে গেলেন, যোগ্য সঙ্গ দিতে পারেননি অধিনায়ককে। তার পরও মুশফিক থাকলে শেষ ওভারে প্রয়োজনীয় ১০ রানও তুলে নেওয়া যাবে বলে আশা তো করাই গিয়েছিল। কিন্তু পানিয়াঙ্গারার প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে মুশফিক ডিপ স্কয়ার লেগে ধরা পড়লেন উইলিয়ামসের হাতে। বাকি ৫ বলে রাজ্জাক আর সোহাগ মিলে নিয়েছেন মাত্র ৩ রান। শেষ বলে তো এলবিডব্লুই হয়ে গেলেন রাজ্জাক।জিম্বাবুয়ের হয়ে রান যা করার করে গেছেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা আর অধিনায়ক ব্রেন্ডন টেলর। সোহাগ গাজী ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই ভুসিমুজি সিবান্দাকে স্কয়ার লেগে সাজেদুলের ক্যাচ বানান। এরপর দ্বিতীয় উইকেটজুটিতে মাসাকাদজা-টেলরের ৭৪ রানই লড়াই করার মতো রান এনে দেয় স্বাগতিকদের স্কোরবোর্ডে। প্রথমে টেলর ও পরে মাসাকাদজাকে ফিরিয়ে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের রাশ টেনে ধরেছিলেন সাকিব। কিন্তু লাভ হলো কী তাতে? ম্যাচ জিতে নাচতে নাচতে বেরিয়ে যাওয়া দলটা তো আবারও জিম্বাবুয়েই!