টি-টোয়েন্টির গুণগান গাইছেন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকার
টেন্ডুলকার

২০০৩ সালে যাত্রা শুরু করার পর খুব দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেছে টি-টোয়েন্টি ক্রিকেট। যদিও সমালোচনাও কম হচ্ছে না। টি-টোয়েন্টির ধুমধাড়াক্কার নিচে ক্রিকেটের চিরায়িত সৌন্দর্যটা চাপা পড়ে যাচ্ছে বলে প্রায়ই অভিযোগ করা হয়। চলতি অ্যাশেজে অস্ট্রেলিয়ার ভরাডুবির পেছনে টি-টোয়েন্টিকে দায়ী করেছেন কেউ কেউ। টি-টোয়েন্টি আসলেই আখেরে ক্রিকেটের ক্ষতি করছে কি না—এমন একটা আলোচনার সময়ই সর্বকনিষ্ঠ সংস্করণটির পাশে দাঁড়ালেন শচীন টেন্ডুলকার। তাঁর মতে, টি-টোয়েন্টির আবির্ভাবের ফলে ক্রিকেট আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র একটিই টি-টোয়েন্টি খেলেছেন টেন্ডুলকার। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অবশ্য ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএলে খেলেছেন টানা পাঁচটি মৌসুম। সেই অভিজ্ঞতা থেকে টি-টোয়েন্টির বেশ কিছু ইতিবাচক দিক খুঁজে বের করেছেন টেন্ডুলকার। কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ক্রিকেটই একমাত্র খেলা যেখানে তিনটা ফরম্যাট আছে। আর এটা ক্রমেই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। শুধু খেলোয়াড়দের জন্যই না, দর্শকদের জন্যও। এখানে অনেক সৃজনশীলতার জায়গা আছে। ব্যাটসম্যানদের মধ্যে বেশি ঝুঁকি নেওয়ার প্রবণতা এসেছে যার ফলে টেস্টেও ফলাফল বেশি আসছে।’

টেন্ডুলকারের সঙ্গে গলা মিলিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। তাঁর মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে নতুনত্ব এনেছে। তবে ক্রিকেটের মৌলিক কৌশলগুলো খুব ভালোভাবে শেখাটাও খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান।

তবে টি-টোয়েন্টির আবির্ভাবে ক্রিকেটারদের কাজটা একটু কঠিনই হয়ে গেছে বলে মনে করছেন ভারতের আরেক সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। সবাইকে যে এখন তিন ধরনের ক্রিকেটের সঙ্গেই মানিয়ে নিতে হবে, সেটাই মনে করিয়ে দিয়েছেন মি. ওয়াল, ‘কিছুটা মারমুখী ব্যাটিংও সবাইকে শিখতে হবে। এখানে টেস্টের মতো সব বলই রক্ষণাত্মকভাবে খেলা যাবে না। ভালো খেলোয়াড়েরা এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখছেন। আপনি যদি ক্রিস গেইল, মাইক হাসি বা এবি ডি ভিলিয়ার্সের দিকে দেখেন, তাঁরা আইপিএলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। আবার তাঁরা টেস্টেও খুব ভালো খেলেন। ফলে, আপনাকে মৌলিক জিনিসগুলো শিখতেই হবে।’ সূত্র: পিটিআই।