টি-টোয়েন্টির জুনায়েদের টেস্টে ফেরা
সর্বশেষ টেস্ট সিরিজে ফিফটি ছিল দুটি। দুটিই প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টে করেছেন ১ আর ৬। জুনায়েদ সিদ্দিক সেই থেকে ব্রাত্য টেস্ট ক্রিকেটে। মাঝে বাংলাদেশ দল খেলে ফেলেছে পাঁচটি টেস্ট। জুনায়েদ একটিও না।২০১০ সালের লর্ডস টেস্টই তাই টেস্ট ক্রিকেটে শেষ সুখস্মৃতি জুনায়েদের। আড়াই বছর পর আবারও টেস্ট দলে ফিরে বাঁহাতি এই ব্যাটসম্যান স্বপ্ন দেখছেন নতুন করে। টেস্ট ক্রিকেটকে ঘিরে স্বপ্ন।জুনায়েদ সিদ্দিকের শুরুর সঙ্গে এখনকার স্বপ্ন মেলে না। ঢাকার ক্রিকেটে তাঁর প্রতিষ্ঠার শুরুই মারকুটে ব্যাটসম্যান হিসেবে। ২০০৬ সালে প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেটে সোনারগাঁ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের হয়ে করা সেঞ্চুরিটা ওই ম্যাচের দর্শকের চোখে লেগে আছে এখনো।ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম থেকে লর্ডস—এতটা পথ পেরিয়ে জুনায়েদও যেন বদলে গেছেন। যে টি-টোয়েন্টি ক্রিকেটে জীবনের প্রথম বড় হাততালিটা পেয়েছিলেন, সেটা আর টানে না তাঁকে। উপভোগ্য মনে হয় না ওয়ানডেতে দিনের পর দিন সংগ্রাম করে যাওয়াও। আসল ক্রিকেট টেস্ট ক্রিকেটকে নিজের জন্যও মনে করছেন আসল জায়গা। ‘ওয়ানডেতে অনেকবার স্ট্রাগল করেছি। কিন্তু টেস্টেই আমার পারফরম্যান্স ভালো হয়েছে। সেজন্য টেস্টে আত্মবিশ্বাস বেশি থাকে। তা ছাড়া টেস্টে দুটি ইনিংস থাকে। একটা ইনিংসে তো ভালো হতেই পারে’—মিরপুরে কাল অনুশীলন শেষে বলছিলেন জুনায়েদ।এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে খেলে জুনায়েদের গড় ২৩, ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে গড় ২২.৭১ এবং ১৮ টেস্টে গড় ২৬.৯১। এটা ঠিক, অঙ্কের হিসাবে টেস্টের গড় বাকি দুই ধরনের ক্রিকেট থেকে সামান্যই বেশি, তবে জুনায়েদের ভালো ইনিংসের কথা বললেও এগিয়ে থাকবে টেস্টের পারফরম্যান্সই। অভিষেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করা ৭১ এবং এরপর ভারতের বিপক্ষে ৪১ রানের একটি ইনিংস ছাড়া টি-টোয়েন্টিতে এখনো অনুজ্জ্বল জুনায়েদ। ওয়ানডেতে এক সেঞ্চুরি আর ছয় ফিফটি থাকলেও ধারাবাহিক নন কখনোই। সে তুলনায় চোখে পড়ার মতো ইনিংস আছে টেস্টেই। ২০১০-এর মার্চে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিটা ছিল মনে রাখার মতো। প্রথম ইনিংসে ইংলিশ পেসারদের অত্যাচার সয়েও দ্বিতীয় ইনিংসে বীর বিক্রমে খেলেছিলেন ১০৬ রানের ইনিংস। এ ছাড়া সাত ফিফটির চারটিকেই নিয়ে গেছেন ৭০-এর ওপরে।২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে তামিমের সঙ্গে ২০০ রানের জুটিতেও সঙ্গী হয়েছিলেন জুনায়েদ। তবে জহির খানের তাণ্ডবে ওই ইনিংসে বাংলাদেশ দল শেষ পর্যন্ত অলআউট হয়ে যায় ৩১২ রানে। টেস্টে ফেরার উপলক্ষে জুনায়েদ মাথায় রাখছেন সেই শিক্ষা, ‘খেলতে খেলতে আমাদের ফোকাস অনেক সময় হারিয়ে যায়। টেস্ট ম্যাচে ফোকাস যত ভালো থাকবে শট সিলেকশনও তত ভালো হবে। লম্বা সময় ব্যাটিং করতে হলে ফোকাস ভালো রাখতেই হবে। মনে আছে ভারতের বিপক্ষে তামিম আর আমার ২০০ রানের জুটি হয়েছিল। কিন্তু জহির খান একটা সেশনেই ৫ উইকেট ফেলে দিয়েছিল।’আত্মবিশ্বাসের ভান্ডারে সদ্য জমা হয়েছে জাতীয় লিগের পারফরম্যান্সও। পুরোনো ভালো স্মৃতিগুলোকে মনের পর্দায় ভাসিয়ে তুলছে বরিশালের বিপক্ষে খেলা ১৮১ রানের ইনিংস, ‘ঘরোয়া বা আন্তর্জাতিক যেকোনো ক্রিকেটেই একজন ব্যাটসম্যান বড় ইনিংস পেলে তার আত্মবিশ্বাস বেড়ে যায়। এর আগে টেস্টেও ভালো খেলেছি। এই ইনিংসটা সেগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে।’আড়াই বছর পর টেস্ট খেলার সুযোগ সামনে। উপলক্ষটাকে আনন্দময় জুনায়েদ একটু স্মৃতিচারী হতেই পারেন।