টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানিরা নাখোশ

ভিনদেশি পতাকা পতপত করছে স্টেডিয়ামে। বেশ কদিন ধরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা। পরশু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই জানিয়ে দিয়েছে, বাংলাদেশি নাগরিকেরা অন্য দেশের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না। এই সিদ্ধান্তের প্রথম প্রতিবাদ এল পাকিস্তানের দিক থেকে। সাবেক পাকিস্তান অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের কাছে সিদ্ধান্তটিকে বিস্ময়কর মনে হচ্ছে, ‘আমি এই সিদ্ধান্তে বিস্মিত। ক্রিকেট খেলাটা খেলোয়াড়ি চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে। এই সিদ্ধান্তে সেই চেতনা খর্ব হলো।’ আরেক সাবেক পাকিস্তান ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ সিদ্ধান্তটি পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছেন, ‘আমি নিশ্চিত, বিসিবির এই সিদ্ধান্ত আমাদের পেছনে নিয়ে যাবে। কারণ এটির সপক্ষে কোনো যুক্তি নেই। আমি নিশ্চিত, বিসিবি তাদের এই অবস্থান থেকে সরে দাঁড়াবে। আমি দেখেছি কোনো দেশ আমাদের মুখোমুখি না হলে সে দেশের দর্শক পাকিস্তানকেই সমর্থন করে।’ সাবেক অধিনায়ক ইউনুস খানের কণ্ঠেও একই সুর, ‘খেলার চেতনার সঙ্গে এটা যায় না। আপনি কাউকে তার প্রিয় দলকে সমর্থন করা থেকে বিরত রাখতে পারেন না।’ এএফপি।

চট্টগ্রাম ছেড়ে মুম্বাই

দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। কিন্তু দলের খেলা ফেলে ওয়েইন পারনেলকে ছুটে যেতে হলো ভারতে, মুম্বাইয়ের আদালতে শুনানিতে অংশ নিতে। ডোপসংক্রান্ত মামলার আজ বাধ্যতামূলক শুনানি। ফলে আজ হল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই বাঁহাতি পেসারকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তারিখটা জানা বলে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্টও পারনেলকে শুনানির জন্য ছেড়ে দিয়েছে। ২০১২ আইপিএল চলাকালে ডোপ নেওয়ার অভিযোগে মুম্বাইয়ের এক হোটেল থেকে পারনেল ও তাঁর পুনে ওয়ারিয়র্স সতীর্থ রাহুল শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটা ২০১২ সালের ২০ মের, পুনের শেষ ম্যাচের পরদিন। গত বছর জামিন পাওয়া পারনেল দলের সঙ্গে যোগ দেবেন আগামীকাল। ওয়েবসাইট।