টি-টোয়েন্টি এখন একটু চেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের আত্মবিশ্বাস এখন অনেক ভালো। আর আত্মবিশ্বাসই হলো ভালো ক্রিকেটের চাবিকাঠি।’বক্তার নাম মাহমুদউল্লাহ। ত্রিনিদাদ ঘুরে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ—এই যুগল সফরের আগে কোচের সঙ্গে সহ-অধিনায়কই কাল সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র। অধিনায়ক মুশফিকুর রহিম যে এসএলপিএলের সৌজন্যে এদিনও শ্রীলঙ্কায়। তামিম ইকবাল ও নাসির হোসেনকে সঙ্গে নিয়ে তিনি দেশে ফিরছেন আজ। ফিরেই কাল উঠে যাবেন বিমানে। মাহমুদউল্লাহর দাবি অনুযায়ী, বাংলাদেশ দলের অদৃশ্য সঙ্গী হয়ে বিমানে উঠবে আত্মবিশ্বাসও।সেই আত্মবিশ্বাসের উৎস অবশ্য সহজেই খুঁজে পাওয়া যাচ্ছে। আগে বছরে একটি-দুটি ম্যাচ খেলায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাংলাদেশ দলের কাছে হয়ে ছিল অচেনা-অজানা এক রহস্যের জগৎ। গত কিছুদিনে সেই অপরিচয়ের দূরত্ব ঘুচিয়ে দিয়েছে টি-টোয়েন্টির জোয়ার। ২০০৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর বাংলাদেশ এখন পর্যন্ত যে ২৪টি ম্যাচ খেলেছে, তার ৬টিই গত জুলাইয়ে। গত জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরে আন্তর্জাতিক আর বেসরকারি টি-টোয়েন্টি মিলিয়ে ১২টি ম্যাচ। বিশ্বকাপের আগেও ত্রিনিদাদে একটি প্রস্তুতি ম্যাচসহ চারটি ম্যাচ থাকছে, শ্রীলঙ্কায় আরও দুটি প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে শ্রীলঙ্কা বিশ্বকাপের আগের তিন মাসে টি-টোয়েন্টি ম্যাচ খেলা হচ্ছে ১৮টি। বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি রহস্য বোঝার সুযোগ পেয়েছেন আরও অনেকভাবেই। বিপিএল হয়েছে, সাকিব আইপিএলে খেলেছেন। শ্রীলঙ্কার এসএলপিএলেও খেলেছেন বেশ কজন। শেষটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন সহ-অধিনায়ক, ‘এসএলপিএলে খেলে আমাদের কিছুটা হলেও অভিজ্ঞতা হয়েছে ওখানকার উইকেট সম্পর্কে। আমরা এখন যে ধারায় আছি, সেটি বিশ্বকাপে নিয়ে যেতে পারলে ভালো সুযোগ থাকবে, ইনশাআল্লাহ।’বিশ্বকাপের প্রস্তুতিতে খুশি টি-টোয়েন্টিতে বাংলাদেশের অভিজ্ঞতম সাকিব আল হাসানও। ‘আগেরটা আগে’ নীতিতে বিশ্বাসী টেস্ট ও ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার আপাতত শুধু ত্রিনিদাদের টুর্নামেন্টটা নিয়েই ভাবছেন। তবে বিশ্বকাপ নিয়েও তাঁর চোখে স্বপ্নের ঝিলিক, ‘নিউজিল্যান্ড-পাকিস্তান দুই দলকেই হারানোর সামর্থ্য আমাদের আছে। একটা ম্যাচ জিতলেই পরের রাউন্ডে যাওয়ার ভালো সম্ভাবনা থাকবে। বিশ্বকাপের আগ পর্যন্ত প্রস্তুতি এ রকম ভালো হতে থাকলে আত্মবিশ্বাস আরও বাড়বে।’ আগের তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন। দলকে এবারের মতো আত্মবিশ্বাসী কখনোই দেখেননি সাকিব, ‘আগের বিশ্বকাপগুলোতে এই বিশ্বাসটা ছিল না যে আমরা বড় দলের বিপক্ষে জিততে পারি। এখন সবার মধ্যে বিশ্বাসটা আছে। এই বিশ্বাসই পার্থক্য তৈরি করে দিতে পারে এবারের বিশ্বকাপে।’সাকিবের মতো জুনায়েদ সিদ্দিকও আগের বিশ্বকাপগুলোকে মেলালেন এবারের প্রস্তুতির সঙ্গে, ‘এর আগে আমি দুটি বিশ্বকাপ খেলেছি। কখনোই বিশ্বকাপের আগে এবারের মতো বেশি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাইনি। ম্যাচ খেললে অভিজ্ঞতা বাড়ে, বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে জানা হয়ে যায়।’বাচ্চা অসুস্থ, নিজে অসুস্থ, অসুস্থ মাও। ব্যক্তিগত জীবনে কঠিন সময় পাড়ি দিতে থাকা মাশরাফি বিন মুর্তজা অসুস্থ মাকে দেখতে কাল ছিলেন নড়াইলে। তবে আজ বাদে কাল ত্রিনিদাদের ফ্লাইট। এত সমস্যার মধ্যেও বিশ্বকাপ-ভাবনাটা তাই হারিয়ে যায়নি। সেটা আছে ইতিবাচকভাবেই, ‘বেশি ম্যাচ খেলা অবশ্যই ইতিবাচক। আমরা অভ্যস্ত হচ্ছি, এর বাইরে আমাদের ম্যাচ ফিটনেস, দলীয় পরিকল্পনা ঠিক করা, এসবেও কাজে লাগছে ম্যাচগুলো।’ বিশ্বকাপের আগে ১৮টি ম্যাচ খেলার মাহাত্ম্যটা সুন্দর করে গুছিয়ে বললেন ব্যাটসম্যান জহুরুল ইসলাম, ‘সবচেয়ে বড় কথা, এত ম্যাচ খেলায় আমরা টিম কম্বিনেশন ঠিক করতে পারব। পরিস্থিতি অনুযায়ী ম্যাচে কখন কী করা উচিত সেটা বুঝতে পারব। আমরা এখন জানি দ্রুত উইকেট হারানো, স্লো শুরু টি-টোয়েন্টিতে কী ধরনের সমস্যা তৈরি করে। যেমন জানি, টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট ছোট জুটি খুবই গুরুত্বপূর্ণ।’তবে ২০ ওভারের ক্রিকেটের শেষ কথাটা বোধহয় মাশরাফিই বললেন। ‘যতই পড়িবে ততই শিখিবে’ তত্ত্ব মাঝে মাঝে মার খেয়ে যায় এখানে। ‘বিশ্বকাপের জন্য সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি দরকার, সেটা হচ্ছে। কিন্তু সবকিছুর পরও টি-টোয়েন্টি ক্রিকেটে অনিশ্চয়তা থাকে। খেলার দিন কী হবে সেটা কেউ জানে না।’জানে না বলেই ২০০৭ বিশ্বকাপে টি-টোয়েন্টিতে একেবারেই নবিশ বাংলাদেশ হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ওই ‘নির্দিষ্ট দিন’টিতে ক্রিস গেইলও ম্লান হয়ে গিয়েছিলেন মোহাম্মদ আশরাফুলের কাছে। শ্রীলঙ্কা বিশ্বকাপে গ্রুপ পর্বের দুটি ম্যাচের কোনো একটি ওই ‘নির্দিষ্ট দিন’ হলেই তো হয়ে যায়!