টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়লেন ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার মতো একটা ক্রিকেট পরাশক্তিকে নেতৃত্ব দেওয়ার সুযোগটা যেকোনো ক্রিকেটারের কাছেই খুব লোভনীয় ব্যাপার। কিন্তু এখন সেই দায়িত্বটাই যেন পাথরের মতো চেপে বসেছে মাইকেল ক্লার্কের বুকে। অস্ট্রেলিয়ার সেই গৌরবময় দিনগুলো যে আস্তে আস্তে হারিয়েই যেতে বসেছে কালের গর্ভে। স্মরণকালের সবচেয়ে দুর্যোগপূর্ণ মুহূর্তটিতে অস্ট্রেলিয়ার নেতৃত্ব পেয়ে তা একেবারেই উপভোগ করার মতো অবস্থায় ছিলেন না ক্লার্ক। তাঁর বুকের ওপর দাঁড়িয়েই অস্ট্রেলিয়ার অ্যাশেজ কফিনে শেষ পেরেকটি ঠুকেছে ইংল্যান্ড। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচটা তাঁকে শেষ করতে হয়েছে ইনিংস পরাজয়ের লজ্জা নিয়ে। অসহায়ভাবে দেখতে হয়েছে অ্যাশেজের গৌরবময় ট্রফিটা নিয়ে অ্যান্ডি স্ট্রাউসদের উল্লাস। অ্যাশেজ ব্যর্থতায় অস্ট্রেলিয়ার এই সদ্য অধিনায়ক এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন যে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন খুব দ্রুতই। শুধু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটাই না, একেবারেই বিদায় বলে দিয়েছেন ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণটিকে। সমাপ্তি ঘটেছে তাঁর ৩৪টা টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ক্যারিয়ারের।আজ সিডনি টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৮৩ রানের বিশাল ব্যবধানে হারার পর ক্লার্ক সাংবাদিকদের বলেছেন, ‘আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই অ্যাশেজ সিরিজটার দিকে তাকিয়ে মনে হচ্ছে, টেস্টে আমার পারফরমেন্সটা যেমন হওয়া উচিত, সে রকমটা এ মুহূর্তে একেবারেই হচ্ছে না। টি-টোয়েন্টি থেকে অবসর নিলে আমি টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিতে পারব। আমি সব সময়ই বলে এসেছি যে টেস্ট ক্রিকেটে ভালো করাই আমার একমাত্র লক্ষ্য।’এ পর্যন্ত ৩৪টা টি-টোয়েন্টি ম্যাচে ২১.২১ গড়ে ৪৮৮ রান করেছিলেন ক্লার্ক। বল হাতে নিয়েছিলেন ছয়টি উইকেট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্লার্কের নেতৃত্বেই ফাইনাল পর্যন্ত গিয়েছিল অস্ট্রেলিয়া। রয়টার্স।