টি-টোয়েন্টি থেকে বাদ পড়ে মর্মাহত মিসবাহ
ভারি মন খারাপ পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মিসবাহ-উল হকের। এর কারণ টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া। গতকাল বৃহস্পতিবার টি-টোয়েন্টি দলে তাঁর অধিনায়কত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে।অবশ্য পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বে ঠিকই আছেন মিসবাহ। অনুভূতি জানাতে গিয়ে লাহোরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা বোর্ড ও নির্বাচকদের সিদ্ধান্ত। তবে আমার মনে হয়, টি-টোয়েন্টি ফরম্যাটেও খেলার যোগ্য আমি। জাতীয় দল থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে এই ফরম্যাটের খেলা চালিয়ে যাব।’মিসবাহ স্বীকার করেন, এশিয়া কাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার পর আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। নিজের সেই ভাবনাটা এখন মিথ্যে হয়ে যাওয়ায় তিনি মর্মাহত। তাই বলে নতুন অধিনায়ক হাফিজের প্রতি শুভকামনা জানাতে ভোলেননি মিসবাহ, ‘হাফিজ বেশ ভালো খেলোয়াড়। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়ে ও ভালো করেছে। আগামী দিনগুলোতেও ওর সফলতা কামনা করছি আমি।’চলতি মাসেই ৩৮-এ পা দেবেন মিসবাহ। গত বছরের মে থেকে ক্রিকেটের তিন ধরনের ফরম্যাটেই পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। এক বছর যেতে না যেতে হারালেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের নেতৃত্ব। তবে মিসবাহ মনে করেন, এটি টেস্ট ও ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন. ‘টেস্ট ও ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার। এটা আমার জন্য যথেষ্ট কঠিন কাজ। এই দুটি ফরম্যাটে মনোনিবেশ করতে হবে আমাকে। আমার মনে হয় না, টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ায় আমার মনোযোগ বা দায়িত্বে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে।’মিসবাহর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে তিনি ততটা মানানসই নন। তাঁর নেতৃত্ব অতি রক্ষণাত্মক। গণমাধ্যমে জোর গুঞ্জন ছিল, নতুন কোচ ডেভ হোয়াটমোর নাকি চাইছিলেন সব ধরনের ক্রিকেটের নেতৃত্ব থেকে মিসবাহকে সরিয়ে দেওয়া হোক। তবে খুব বেশি হেরফেরে যায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। মিসবাহকে সরিয়ে দেওয়া হয়েছে শুধু টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। সূত্র: ওয়েবসাইট।