টি-টোয়েন্টি দল নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নটা দেখা যাচ্ছে এখন জনগণেরই! কাল প্রথম আলোর খেলাধুলা বিভাগে এক পাঠকের ফোন এল। কণ্ঠে উষ্মা, প্রশ্নে বিস্ময়, ‘ভাই, জুনায়েদ সিদ্দিককে কেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হলো না! আপনারা দেখলাম একটু লিখেছেন, কিন্তু আরও লিখতে হবে। আবাহনীর খেলোয়াড় বলেই অভিজ্ঞতা না থাকার পরও ইমরুল কায়েস সুযোগ পেয়ে যাবে?’শেষ অভিযোগটা প্রমাণের দাবি রাখে। এটা ঠিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এখন আবাহনীর খুঁটিটা বেশি শক্ত। তাই বলে আবাহনীর হয়ে খেলেন বলেই ইমরুল টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে গেছেন, চোখ বুজে এমনটা বলে দেওয়া যায় না। কাল আবাহনীর এক কর্মকর্তার কাছে প্রসঙ্গটা তুলতেই প্রতিবাদ শোনা গেল, ‘এখনকার ক্রিকেটাররা নিজেদের ক্লাবের পরিচয়ে পরিচিত নয়। এমন কেউই নেই, যাকে আপনি আবাহনীর ক্রিকেটার বা মোহামেডানের ক্রিকেটার বলতে পারবেন। যারা এসব কথা বলে, তারা অন্য রাজ্যে বাস করে।’হয়তো ঠিক, পেশাদারির এই যুগে জাতীয় পর্যায়ের ক্রিকেটে ক্লাব-রাজনীতির সুযোগ নেই। ‘বাংলাদেশের ক্রিকেট’ যখন বলা হয়, আবাহনী-মোহামেডানের সীমারেখা ভুলেই বলা হয়। জাতীয় দল নির্বাচনে নির্বাচকেরাও ক্লাবের প্রভাবে প্রভাবান্বিত নন বলে প্রত্যাশা। তার পরও প্রথম প্রশ্নটা থেকেই যাচ্ছে—জুনায়েদ কেন দলে নেই? প্রাসঙ্গিক হয়ে চলে আসে আরও কিছু প্রশ্ন—আইসিএল-ফেরত শাহরিয়ার নাফীস আর অলক কাপালিকে নিয়েই বা কী ভাবনা নির্বাচকদের? নিষিদ্ধ আইসিএল টি-টোয়েন্টিতে এই দুই ব্যাটসম্যানের পারফরম্যান্স এতটাই উজ্জ্বল ছিল যে, তাঁদের ফিরে আসাটা স্বপ্ন দেখাচ্ছিল সবাইকে। অথচ নির্বাচকেরা কি না ভুলেই থাকছেন তাঁদের!প্রধান নির্বাচক রফিকুল আলম ব্যাখ্যা দিলেন, ‘ওরা আমাদের বিবেচনায় সব সময়ই আছে। আইসিএল থেকে ফেরার পর অলক, শাহরিয়ার, আফতাব আর ধীমানকে আমরাই অনুশীলনে যোগ দিতে বলেছিলাম। তাদের মধ্যে আফতাব ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছে। তবে অন্যরা এই পর্যায়ে খেলার জন্য পুরোপুরি ফিট নয়।’ফিটনেস সমস্যা মূলত শাহরিয়ারের। প্রধান নির্বাচক খুলে না বললেও অলকের ব্যাপারে অন্য কথাই শোনা যাচ্ছে। আইসিএল থেকে ফেরার পর বাহরাইনের বিপক্ষে একাডেমি দলে ডাকা হয়েছিল তাঁকে। ডাকা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে এক দিন আর তিন দিনের প্রস্তুতি ম্যাচের দলেও। কিন্তু মা এবং নিজের অসুস্থতার কারণে অলক কোনো ডাকেই সাড়া দেননি। নির্বাচকদের ধারণা, অলক নিজেই আপাতত শীর্ষ পর্যায়ের ক্রিকেট থেকে দূরে থাকতে চাইছেন। ফিটনেসে ঘাটতির সঙ্গে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিতি হয়তো প্রভাব ফেলেছে তাঁর আত্মবিশ্বাসেও।বাংলাদেশের টি-টোয়েন্টি দল বরাবরই চমকহীন। অলক-শাহরিয়ার-নাজিমউদ্দিনরা থেকেও না থাকায় এবারের বিশ্বকাপের দলটা তো আরও বেশি। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ তো নির্বাচকদের দল গঠন নীতিরই সমালোচনা করলেন, ‘আমি কারও নাম বলব না, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কিছু খেলোয়াড়ের সুযোগ পাওয়া উচিত ছিল। আসলে নির্বাচকদের দল গঠনের নীতিটাই বুঝি না। ঘরোয়া ক্রিকেটের খেলা তাঁরা আদৌ দেখেন কি না, আমার সন্দেহ আছে। দেখলে নতুন খেলোয়াড়দের সম্পর্কে ধারণা পেতেন।’টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের গেমপ্ল্যান নিয়েও প্রশ্ন আছে মাসুদের, ‘মাঝখানে দেখলাম, দ্রুত ২-৩ উইকেট পড়ে গেলে একজনকে নামানো হচ্ছে উইকেট ধরে রাখার জন্য। এ ধরনের চিন্তা যাঁরা করেন, তাঁরা আসলে ক্রিকেটের সঙ্গে আছেন কি না কে জানে! অলআউট না হওয়ার চিন্তা তো আমরা অনেক আগে ওয়ানডেতে করতাম। ২০ ওভারের ক্রিকেটে একটা দল অলআউট হয়ে যাওয়ার ভয় কেন পাবে? এ রকম নেতিবাচক চিন্তার কারণেই টি-টোয়েন্টিতে সাফল্য পাচ্ছি না আমরা।’বিশ্বকাপ টি-টোয়েন্টির দল নিয়ে প্রশ্ন আছে আরও। দলে চার পেসার কেন? সৈয়দ রাসেলই বা কতটা ফিট আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য? নাম প্রকাশ না করার শর্তে সাবেক এক ক্রিকেটার রাসেলকে নিয়ে সংশয়ই প্রকাশ করলেন, ‘একটার পর একটা ইনজুরিতে পড়া রাসেল কতটা ফিট কে জানে! আশরাফুলের মতো ক্রিকেটারকেও যেখানে ফর্ম ফিরে পেতে পুনর্বাসনে পাঠানো হয়, সেখানে রাসেলেরও নিজেকে প্রমাণ করেই দলে ফেরা উচিত ছিল।’