টি-টোয়েন্টি না খেলেই ফিরলেন এনামুল
শ্রীলঙ্কা সফরটা শেষ না করেই দেশে ফিরে এসেছেন এনামুল হক (বিজয়)। না, নাজমুল-তামিমদের মতো চোটে পড়ে নয়, এনামুল ফিরেছেন পরীক্ষার কারণে। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। বিকেএসপির ছাত্র এনামুল এবার এইচএসসি পরীক্ষার্থী। কিছুদিনের জন্য ব্যাট-বলটাকে বিশ্রামে পাঠিয়ে এবার কলম নিয়ে পরীক্ষার হলে প্রশ্নপত্রের সঙ্গে যুঝবেন শেষ ওয়ানডেতে ৪৩ রান করে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেওয়া এই ওপেনার। শ্রীলঙ্কা সফরে এই একটি ম্যাচেই বলার মতো রান পেয়েছেন এনামুল। টেস্ট, ওয়ানডে ও প্রথম শ্রেণী মিলিয়ে খেলা আগের চার ইনিংসে তাঁর সর্বোচ্চ ছিল মাত্র ১৩ রান। শ্রীলঙ্কায় আগামীকালের একমাত্র টি-টোয়েন্টিটা তো মিস হলোই, এই ডানহাতি ওপেনার থাকছেন না জিম্বাবুয়ে সফরেও। ২০ বছর বয়সী এনামুল বিসিবিকে জানিয়েও দিয়েছেন সেটা। বাংলাদেশের জিম্বাবুয়ে সফর শুরু হচ্ছে ১৭ এপ্রিল থেকে। টি-টোয়েন্টি ম্যাচের জন্য এনামুলের বদলি হিসেবে কাউকে ডাকা হয়নি। আর রেখে দেওয়া হয়েছে পেটের পেশিতে টানা পড়া পেসার আবুল হাসানকে। হাসানকে দেশে পাঠিয়ে দিলে স্কোয়াড মাত্র ১২ জনের হয়ে যায় বলেই এ সিদ্ধান্ত। ওয়েবসাইট। সাকিব এবার লিস্টারশায়ারেউস্টারশায়ারের হয়ে তিন ধরনের ক্রিকেটেই খেলেছেন সাকিব আল হাসান। ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে যাচ্ছেন এবারও। তবে এবার যাবেন শুধুই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে। বদলে যাচ্ছে ঠিকানাও। আসন্ন গ্রীষ্মে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন লিস্টারশায়ারের হয়ে।এই মৌসুমে শিরোপাকেই পাখির চোখ করেছে লিস্টার। দ্বিতীয় বিদেশি হিসেবে সাকিবের সঙ্গে চুক্তি করে তাই দলের শক্তিটা আরও বাড়িয়ে নিল ইংলিশ কাউন্টি দলটি। অস্ট্রেলিয়া ‘এ’ দলের ব্যাটসম্যান জো বার্নসকেও দলে টেনেছে লিস্টার। নিতে পারে তারা ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ওপেনার ক্রিস গেইলকেও। গ্রেস রোডের ক্লাবটিতে সাকিব সতীর্থ হিসেবে পাবেন গত বিপিএলে সাকিবের ঢাকা গ্ল্যাডিয়েটরসে খেলে যাওয়া জশ কবকে।চোটের কারণে গত নভেম্বর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব। তবে জিম্বাবুয়ে সফরের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী ২৬ বছর বয়সী। এমন একজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত লিস্টারের কোচ ফিল হুইটিকেস, ‘আমি সত্যিই আনন্দিত যে, আমরা এমন এক খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পেরেছি, যে সম্প্রতি বিশ্বের সেরা ওয়ানডে অলরাউন্ডার হয়েছে। সাকিবের রেকর্ড অসাধারণ। আমি আশায় আছি, তার সাহায্য আমাদের সাফল্য এনে দেবে।’ লিস্টারের প্রধান নির্বাহী মাইক সিডালের উচ্ছ্বাসও একই রকম, ‘সাকিবের মতো অভিজ্ঞ ও মানসম্পন্ন খেলোয়াড়কে পেয়ে আমরা আনন্দিত। তার টি-টোয়েন্টি রেকর্ড চমত্কার।’ ওয়েবসাইট।নয়ে উঠলেন সিদ্দিকুরচিয়াংমাইয়ে দারুণ একটা দিন কাটালেন সিদ্দিকুর। চিয়াংমাই গলফ ক্লাসিকের দ্বিতীয় দিনে কাল পাঁচটি বার্ডি করেছেন বাংলাদেশি গলফার। বগি করেননি একটিও। পারের চেয়ে ৫ শট কম খেলে উঠে এসেছেন নয়ে। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৮ শট কম খেলা সিদ্দিকুর প্রথম দিন শেষে ছিলেন ১৬ নম্বরে। সাড়ে সাত লাখ ডলারের এই টুর্নামেন্টে পারের চেয়ে ১২ শট কম খেলে সবার ওপরে আছেন থাইল্যান্ডের প্রয়াদ মার্কসায়েং। ওয়েবসাইট। সৈকতে দৌড়াবেন বোল্ট১০০ ও ২০০ মিটারের অবিসংবাদিত সম্রাট তিনি। কিন্তু ১৫০ মিটার নামের একটা দৌড়েও যে উসাইন বোল্ট অংশ নিয়েছিলেন সেটা বোধ হয় অনেকেই জানেন না। ২০০৯ সালে ম্যানচেস্টারে ১৫০ মিটারে দৌড়েছিলেন। সেখানে গড়া ১৪.৩৫ সেকেন্ড এই ইভেন্টের বিশ্ব রেকর্ডও। রেকর্ডটাকে আবার ভাঙার সুযোগ পাচ্ছেন। আগামীকাল ব্রাজিলের সাও পাওলোতে কোপাকাবানা বিচে দৌড়াবেন সর্বকালের দ্রুততম মানব। এখানে অবশ্য ট্র্যাকে নয়, দৌড়াবেন সৈকতে। ‘এটা মৌসুমের আমার প্রথম স্পিড ইভেন্ট হতে যাচ্ছে। এর আগে রাস্তায় দৌড়ানোর সুযোগ হয়েছিল (ম্যানচেস্টারে), কোপাকাবানায় দৌড়ানোটা মজারই হবে’—বলেছেন বোল্ট। সামনের জুলাইয়ে লন্ডন অলিম্পিকের এক বছর পূর্তি উপলক্ষে আরেকটি দৌড়েও অংশ নেবেন ‘বজ্রমানব’। এত দিন করসংক্রান্ত ঝামেলার কারণে অলিম্পিক ছাড়া লন্ডনে দৌড়াননি। এবার সেই ঝামেলা চুকে যাওয়ায় এই দৌড়ে অংশ নিতে কোনো বাধা রইল না বোল্টের। এএফপি।