টি-টোয়েন্টি নিয়ে আশাবাদী ব্রড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হয়েও হলো না শেষ। স্টুয়ার্ট ব্রডদের অবস্থা এখন তেমনই। 

অ্যাশেজে ৫-০ লজ্জার পর ওয়ানডে সিরিজে ৪-১-এ হার। অস্ট্রেলিয়ার মাটিতে ইংলিশদের একেকটা দিন কাটছিল বিভীষিকায়। অবশেষে অ্যালিস্টার কুক, ইয়ান বেলরা হাফ ছেড়ে বেঁচেছেন। যন্ত্রণার অস্ট্রেলিয়া সফর শেষ করে তাঁরা বাড়ি ফিরে গেছেন। কিন্তু গত অক্টোবরে অস্ট্রেলিয়ায় পা রাখা ব্রড, জো রুট, বয়ড র‌্যাঙ্কিন, বেন স্টোকসদের সেই ‘সৌভাগ্য’ হয়নি। টি-টোয়েন্টি সিরিজের জন্য এই খেলোয়াড়দের আরও পাঁচ দিন থাকতে হচ্ছে অস্ট্রেলিয়ায়।

হোবার্টে আজ প্রথম টি-টোয়েন্টি। ব্যর্থতা-হতাশাকে একপাশে সরিয়ে রেখে ব্রড অবশ্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে দেখছেন একটা সুযোগ হিসেবেই, ‘আমরা দলে কয়েকজন অবিশ্বাস্য আক্রমণাত্মক ব্যাটসম্যান পেয়েছি। আশা করছি টি-টোয়েন্টিতে আমরা ভালো কিছু করব।’ ওয়েবসাইট।

সেই আশার ভিত্তিও আছে। টি-টোয়েন্টির জন্য শক্তিশালী দলই গড়েছে ইংলিশরা। কিন্তু প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলটা খুবই অনভিজ্ঞ। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের কথা ভেবে সেরা দলটাকে এই সিরিজে রাখেনি তারা। ওই সফরের ১৫ সদস্যের দলের একমাত্র সদস্য জেমস ফকনারও চোটের কারণে ছিটকে পড়েছেন।