টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজি ধোনি

নিউজিল্যান্ড সফরে হতাশাজনক পারফরম্যান্স, তারপর এশিয়া কাপের ফাইনালের আগেই বিদায়। সমালোচকদের তিরে বিদ্ধ হচ্ছে ভারতীয় দল। সমালোচকদের দলে আছেন সাবেক অধিনায়ক দিলীপ ভেংসরকারও। তিনি দায়টা চাপিয়েছেন কোচ ডানকান ফ্লেচারের ওপর। তবে এর পরও ভেংসরকার আশাবাদী, বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে ভারত। এশিয়া কাপে না খেলা মহেন্দ্র সিং ধোনি ফিরলেই নাকি বদলে যাবে ভারতের চেহারা। পরশু দেশের মাটিতে ভারতের প্রথম টেস্টের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি, ‘ধোনিই এখনো আমাদের সেরা বাজি। ও একজন দারুণ অধিনায়ক, আর ৬ নম্বরে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ ২০০৭ সালে ধোনির নেতৃতেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। ভেংসরকারের কথাটা কি আরও একবার সত্য প্রমাণ করতে পারবেন ভারত অধিনায়ক? ওয়েবসাইট।

সুরেশ রায়না
সুরেশ রায়না

সৌরভমন্ত্রে রায়না
ওয়ানডেতে সর্বশেষ ১২ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডের বিপক্ষে বারবার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন সুরেশ রায়না। এশিয়া কাপের দল থেকেই তাই বাদই পড়েছেন। তবে খেলবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। ব্যর্থতা মুছে ফেলে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপেই জ্বলে উঠতে চান ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এই আত্মবিশ্বাস তাঁকে কে জুগিয়েছে জানেন? সৌরভ গাঙ্গুলী। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়না বলেছেন তাঁর সেই আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প, ‘সৌরভ আমার দুর্বলতাগুলো দেখিয়ে দিয়েছেন। আমাকে মনে করিয়ে দিয়েছেন, এর আগে ওয়ানডেতে আমি কত ভালো খেলেছি আর কীভাবে রান করেছি। আমাকে এই আক্রমণাত্মক খেলাটাই খেলে যেতে বলেছেন।’ ওয়েবসাইট।

গিবস-হ্যারিসের পরামর্শ

টি-টোয়েন্টিতে তিনি ব্যাট করেন সাধারণত চার বা পাঁচ নম্বরে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পেতে এবি ডি ভিলিয়ার্সকে আরও ওপরে পাঠানোর জন্য দক্ষিণ আফ্রিকাকে পরামর্শ দিলেন হার্শেল গিবস। একই পরামর্শ আরেক সাবেক দক্ষিণ আফ্রিকান স্পিনার পল হ্যারিসেরও। দুজনেই মনে করেন, তিনে এবি ডি ভিলিয়ার্সকে রেখে চার নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত ডেভিড মিলারকে। হ্যারিসের যুক্তি, ‘ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটসম্যান। ওর আরও ওপরে ব্যাট করা উচিত, যাতে সে বেশি বল খেলতে পারে। মিলারকে শুধু দশ-বারো বল খেলার সুযোগ না দিয়ে অন্তত ছয়-সাত ওভার খেলার সুযোগ দেওয়া উচিত।’ গিবস-হ্যারিসের এই পরামর্শটা পরীক্ষা করে দেখার একটা সুযোগ অবশ্য পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথের ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়েবসাইট।

ক্রিস গেইল
ক্রিস গেইল

গেইলের হুমকি
সীমিত ওভারের ক্রিকেটে বোলারদের মূর্তিমান আতঙ্ক তিনি। সেটা আরও বেড়ে যায় যদি খেলাটা হয় টি-টোয়েন্টি। তার ওপর ক্রিস গেইল নিজে যদি বলেন, ‘আমি ৯৯ ভাগ ফিট’ তাহলে তো কথাই নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এমন একটা হুমকিই দিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার। সবাইকে চমকে দিয়ে গত আসরের শিরোপা জিতেছিল তাঁর দল। কিন্তু সাম্প্রতিক ফর্ম বলছে, শিরোপা ধরে রাখার কাজটা এবার সহজ হবে না। ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে হলে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে। এবং দাঁড়ানোর কাজটা আজ থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই করতে চান গেইল, ‘আমার কাছে সমর্থকদের কিছু রান পাওনা হয়ে গেছে। আমি মনে করি নিজের মাঠে ওদের সেই পাওনা মেটানোর  এটাই সময়।’ ওয়েবসাইট।