টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখে অধরা শিরোপা
চারবার বিশ্বকাপ, দুবার চ্যাম্পিয়নস ট্রফি জয়। টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন শীর্ষে থাকার অভিজ্ঞতা তো আছেই। ক্রিকেটের প্রায় সব ফরম্যাটেই সাফল্যের চূড়া দেখেছে অস্ট্রেলিয়া, শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া। দুবার সেমিফাইনাল আর একবার ফাইনাল খেলেই সন্তুষ্ট থাকতে হয়েছে এখন পর্যন্ত। এবার কি শিকে ছিঁড়বে? শেন ওয়াটসন কিন্তু বেশ আশাবাদী, ‘আমি যত দিন ধরে খেলছি তার মধ্যে এবারের দলটাই সবচেয়ে ভারসাম্যপূর্ণ। টি-টোয়েন্টি ক্রিকেট এমনিতেই অননুমেয় চরিত্রের। তবে আপনার দলে যদি ম্যাচ উইনার থাকে তাহলে জয়ের সম্ভাবনা বেড়ে যায়। আমাদের সেটা আছে।’ ঘরোয়া টি-টোয়েন্টি লিগে একাধিক শিরোপা জেতানো কোচ ড্যারেন লেম্যান এবার সঙ্গে আছেন বলে আরও আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। ২৩ মার্চ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওয়াটসনদের অধরা শিরোপার মিশন। ওয়েবসাইট।

ফ্যাফ ডু প্লেসিস
ফ্যাফ ডু প্লেসিস

ডু প্লেসিসের ভরসা তাহির
টেস্ট সিরিজের দলে ছিলেন না। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন ইমরান তাহির। পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার আছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও। শুধু থাকাই নয়, তাহিরকে নিয়ে ফ্যাফ ডু প্লেসিসের প্রত্যাশা অনেক উঁচুতে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক বলছেন, তাহির হবেন টি-টোয়েন্টিতে তাঁর মূল বোলার। ঠিক যেমন ডেল স্টেইন! ‘ইমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি দলে সে ডেল স্টেইনের মতোই স্ট্রাইক বোলার’—বলেছেন ডু প্লেসিস। অস্ট্রেলিয়ার সঙ্গে দুটি টি-টোয়েন্টির দ্বিতীয়টি হয়ে যাওয়ার কথা গতকালই। ডারবানে তাহিরের তেমন করার কিছুই থাকবে না, সেটা ঠিকই বুঝতে পারছেন ডু প্লেসিস, ‘আমি জানি, এই কন্ডিশন (ডারবানে) তার জন্য হয়তো উপযোগী হবে না—মাঠ ভেজা, বৃষ্টি হচ্ছে এবং বল পড়ে কিছুটা পিছলে যাবে।’ তবে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে এই লেগ স্পিনারের কাছে ডু প্লেসিসের প্রত্যাশা অনেক বেশি, ‘ইমরান তাহিরের সাফল্যের ওপরই নির্ভর করছে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা কতটা ভালো করতে পারব।’ ওয়েবসাইট।
পেসারদের দিকে তাকিয়ে হাফিজ
আগের চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপের একটিতে চ্যাম্পিয়ন, একটিতে রানার্সআপ। টি-টোয়েন্টি পাকিস্তানের পছন্দের ফরম্যাট বললে খুব একটা ভুল হবে না। বাংলাদেশ থেকে এবারও সর্বোচ্চ সাফল্য নিয়েই ফিরতে চান পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ। শহীদ আফ্রিদির দানবীয় ব্যাটিং আর সাঈদ আজমলের ঘূর্ণি তাদের অন্যতম শক্তি। তবে সাফল্য পেতে হলে নতুন বলে পেসারদের জ্বলে ওঠাও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন হাফিজ, ‘পেসাররাই একটা দলের মূল বোলার। আশা করছি, আমাদের পেসাররাও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করবে।’ ২১ মার্চ পাকিস্তানের প্রথম ম্যাচটাই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে। জয় ছাড়া অন্য কিছু ভাবছেনই না পাকিস্তান অধিনায়ক, ‘আমরা শুরুটাই দারুণভাবে করতে চাই। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে জয়টা সে কারণেই গুরুত্বপূর্ণ।’ ওয়েবসাইট।