টি-টোয়েন্টি বিশ্বকাপ

জনসন নেই!
শুরুর আগেই বেশ কিছু তারা হারাবে টি-টোয়েটি বিশ্বকাপ? ইংল্যান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রডকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসনের বিশ্বকাপ খেলা নিয়েও এখন ঘোর অনিশ্চয়তা! দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজের পর পরই ডান পায়ের আঙুল কেটে গিয়েছিল জনসনের। পরে ক্ষতে হয়েছে সংক্রমণ। মিডিয়া গ্রুপ নিউজ কর্প জানিয়েছে, এটা বেশ গুরুতর। এমনকি এক মাসের জন্যও মাঠের বাইরে থাকতে হতে পারে জনসনকে। সে রকম হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিশ্চিতভাবেই থাকছেন না। আঙুল কেটে যাওয়ার কারণেই টি-টোয়েন্টি সিরিজ না খেলেই জনসন ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। পার্থেই চলছে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের চিকিৎসা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান চিকিৎসক জাস্টিন পাওলনি জানিয়েছেন, জনসন দলের সঙ্গে বাংলাদেশে না-ও যেতে পারেন। ওয়েবসাইট।
আশাবাদী জাইলস
সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজে দুটি টি-টোয়েন্টি ম্যাচেই হার। ধবলধোলাই হয়েছে কি না, সেটাও এতক্ষণে জেনে গেছেন। কাল রাতেই হয়ে গেছে সিরিজের শেষ টি-টোয়েন্টি। ইংল্যান্ড কোচ অ্যাশলি জাইলস মানছেন, ‘স্পষ্টতই আমরা টি-টোয়েন্টিতে খুব ভালো খেলছি না। বাস্তবতা হচ্ছে, আমরা এখন র্যাঙ্কিংয়ের আট নম্বরে, গত এক বছরে আমরা ভালো খেলিনি। আমরা আন্ডারডগই।’ সাবেক ইংলিশ স্পিনার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে উদ্বুদ্ধ করছেন এই বলে, ‘আমাদের বার্তাটা হচ্ছে যাও এবং নিজেদের সেরাটা ঢেলে দাও। আমরা তোমাদের পাশেই আছি।’ ইংলিশদের জন্য বড় দুশ্চিন্তা অধিনায়ক স্টুয়ার্ট ব্রডকে নিয়ে। জাইলস শঙ্কাটা গোপনও করেননি, ‘বাংলাদেশে না যাওয়ার আগ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। আমরা আশাবাদী, বাংলাদেশে সে খেলতে পারবে।’ রয়টার্স।

আত্মবিশ্বাসী যুবরাজ
এশিয়া কাপ দলে জায়গা পাননি। তবে যুবরাজ সিংকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দেওয়ার সাহস করেনি ভারত। ভারতের এই বিস্ফোরক বাঁহাতি ব্যাটসম্যানও এখন তাকিয়ে আছেন বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। যুবরাজের চোখে ব্যাটিংই ভারতের মূল শক্তি, ‘আমাদের কিছু খেলোয়াড় আছে যারা শেষ ৫ বা ১০ ওভারে খুবই ভালো করতে পারে। আমি নিজে, মাহি (অধিনায়ক ধোনি), রায়না, বিরাট (কোহলি), রোহিত সবারই ম্যাচ জেতানোর সামর্থ্য আছে।’ এশিয়া কাপে বোলিংটা ভুগিয়েছে ভারতকে। যুবরাজের আশা, টি-টোয়েন্টিতে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবে ভারত। টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচটাই পাকিস্তানের সঙ্গে, যুবরাজ সেটি নিয়ে এখনই রোমাঞ্চিত, ‘ইন্দো-পাক ম্যাচ দিয়ে শুরু হওয়াটা হবে দারুণ।’ ওয়েবসাইট।