টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং শেবাগ
টেস্ট ম্যাচেও তাঁর ব্যাটিং দেখে অনেক সময় মনে হয়, যেন টি-টোয়েন্টি খেলছেন। অথচ কী আশ্চর্য, আধুনিক ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন হয়েও টি-টোয়েন্টিতে বীরেন্দর শেবাগের ব্যাট সেভাবে ঝলসাল কোথায়! হ্যাঁ, আইপিএলে কখনো কখনো শেবাগীয় রূপে দেখা দিয়েছেন। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বলতে গেলে কখনোই নন। রেকর্ডটাও একেবারেই সাধারণ। ১৪৯.৩৫ স্ট্রাইক রেটটা খারাপ নয়। কিন্তু ১৭ ম্যাচের ১৬ ইনিংসে মাত্র দুটি হাফ সেঞ্চুরি, ২১.৭৫ গড়ে রান মাত্র ৩৪৮—না, এটা বীরেন্দর শেবাগ নন। হ্যাঁ, এটাই টি-টোয়েন্টির শেবাগ।সেই শেবাগকে নিয়েই এখন ভারতীয় ক্রিকেটে তোলপাড়। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেবাগকে বাইরে রাখার সিদ্ধান্ত ঠিক না ভুল ছিল, তা নিয়ে সরগরম ভারতীয় মিডিয়া। ম্যাচটা জিতলে অবশ্যই এটা নিয়ে এত আলোচনা হয় না। অমন শোচনীয় পরাজয় বলেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এটাই—শেবাগ কি খেলবেন?মহেন্দ্র সিং ধোনি সবাইকে অন্ধকারেই রেখেছেন। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতি ম্যাচেই ভারতীয় একাদশে পরিবর্তন হয়েছে। আজ তিনি কী করবেন, সেটি মনেই রেখে দিয়েছেন ভারতীয় অধিনায়ক। পক্ষে-বিপক্ষে নানা কথাবার্তা হচ্ছে। যাতে আমজনতার সঙ্গে যোগ দিয়েছেন ক্রিকেট-পণ্ডিতেরাও। সুনীল গাভাস্কার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শেবাগকে তিনি দলে দেখতে চান। প্রথমত, গম্ভীর-শেবাগের উদ্বোধনী জুটিটা ভাঙাই তাঁর পছন্দ হয়নি। এর চেয়েও বড় কারণ বলছেন যেটিকে, সেটির সঙ্গে যে কেউই একমত হবেন। শেবাগ বোলারদের মনে ভয়ের যে একটা স্রোত বইয়ে দেন, সেটিরও তো একটা মূল্য আছে।মজাটা হলো, টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই যেন বীরেন্দর শেবাগকে নিয়ে এমন কোনো বিতর্ক। শেবাগের বিবর্ণ টি-টোয়েন্টি রেকর্ডের কথা মনে রাখলে এটিকে প্রতীকী বলেই মনে হয় যে টি-টোয়েন্টি বিশ্বকাপে বা এর ঠিক আগে সব সময়ই তিনি ভুল কারণে খবর। ২০০৭ সালে টি-টোয়েন্টির প্রথম বিশ্বকাপে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামে রেখে ভারত তরুণ এক দল পাঠিয়েছিল। সেই দলে সে অর্থে বড় তারকা এক শেবাগই। শিরোপা জয়ের আনন্দে তিনিও ভেসেছেন। তবে সেই আনন্দ পরিপূর্ণতা পায়নি, কারণ কুঁচকিতে চোটের কারণে ফাইনালটাই খেলতে পারেননি।২০০৯ ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুর কয়েক দিন তো শেবাগকে নিয়েই মেতে থাকল ভারতীয় সংবাদমাধ্যম। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে শেষ হওয়া আইপিএলে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন। স্ত্রী ও ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডে গেলেন শেবাগ। নটিংহামে টিম হোটেলের লবিতে নিয়মিত চোখে পড়ত একটা দৃশ্য—ছোট্ট একটা ক্রিকেট ব্যাট দিয়ে ছেলের সঙ্গে খেলছেন। কিন্তু শেবাগের নিজের আর সেই বিশ্বকাপে খেলা হলো না। ফিটনেস ফিরে না পেয়ে ফিরে যেতে হলো দেশে।এর আগে যে নাটকটা হলো, সেটি আন্তর্জাতিক ক্রিকেটে অভূতপূর্ব। এর পরও এমন কিছু কেউ দেখেনি। ভারতীয় দল ধোনি আর শেবাগের দুই শিবিরে বিভক্ত—ভারতের কোনো এক টিভিতে এমন সংবাদ প্রচারিত হওয়ার পর সেটি ছড়িয়ে পড়ল পুরো সংবাদমাধ্যমেই। যেটিকে মিথ্যা প্রমাণ করতে অভিনব এক পথ বেছে নিলেন ধোনি। বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে পুরো দল নিয়ে হাজির হলেন সংবাদ সম্মেলনে। প্রথাগত সংবাদ সম্মেলন বলা যাবে না। ছোট্ট মঞ্চে গাদাগাদি করে বসে-দাঁড়িয়ে ভারতের পুরো দল, ধোনি একটা লিখিত বিবৃতি পাঠ করে কোনো প্রশ্নোত্তরের সুযোগ না দিয়েই বেরিয়ে গেলেন সবাইকে নিয়ে।আইসিসির মিডিয়া কর্মকর্তা সামিউল হাসান এত দিন পরও সেই স্মৃতিচারণা করে হাসিতে ভেঙে পড়েন। সংবাদ সম্মেলনে কে যাবেন জিজ্ঞেস করে ধোনির কাছ থেকে যখন জবাব পেলেন—‘আমরা সবাই’, ভেবেছিলেন ধোনি রসিকতা করছেন। যখন বুঝলেন রসিকতা নয়, পড়ে গেলেন মহা দুশ্চিন্তায়। ‘ছোট্ট একটা ডায়াস, সেটিও কাঠের। সেটির ওপর অমন বিশাল-বিশাল ২২ জন লোক—পেছনে দাঁড়িয়ে আমি আল্লাহকে ডাকছি। যদি ভেঙে পড়ে আর কেউ চোট পায়, তা হলে কী হবে! ভাগ্য ভালো, কিছু হয়নি।’মাঝখানে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ গেছে। সেবারও বীরেন্দর শেবাগ ভুল কারণে খবর। এবার অবশ্য টুর্নামেন্ট শুরুর আগেই। ঘোষিত স্কোয়াডে ছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজগামী বিমানে উঠতে পারলেন না কাঁধের চোটের কারণে। এবার আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে শেবাগকে নিয়ে এত হইচই যেন ইতিহাসের পুনরাবৃত্তির কথা মনে করিয়ে দিচ্ছে। এই গল্পের শেষটা অবশ্য এখনই অনুমান করা যাচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে যাচ্ছেতাইভাবে হারার পর ভারতের অনেকে শেবাগকে উদ্ধার ভাবছেন। ক্রিকইনফোতে দেখলাম, কে যেন মনে করিয়ে দিয়েছেন, গত বছর ইংল্যান্ড সফরেও এমন হয়েছিল। চোটের কারণে শেবাগ যেতে পারেননি আর ভারত সমানে হেরে চলেছে। ‘আহা, শেবাগ যদি থাকতেন’ বলে হাহাকার! অবশেষে যোগ দিলেন শেবাগ, ফিরলেন ‘কিং পেয়ার’ নিয়ে!