টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ আফ্রিদির
বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে পরাজয়ের হতাশায় এখনো আচ্ছন্ন শহীদ আফ্রিদি। পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বুঝতে পারছেন এই হতাশা যাওয়ার নয়। একটি বিশ্বকাপ শিরোপাই পারে বিশ্বকাপ-ব্যর্থতার হতাশা মুছে ফেলতে। আফ্রিদি তাই ঠিক করে ফেলেছেন লক্ষ্য, চিরশত্রু ভারতের কাছে স্বপ্নভঙ্গের বেদনা মুছে ফেলতে জিততে হবে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।২০১২ টি-টোয়েন্টি আসর বসবে শ্রীলঙ্কায়।দ্য নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘মাত্র একটা উপায়েই ভারতের কাছে আমাদের হারের হতাশাটা ভুলতে পারব আমি, সেটা হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা।’ একমাত্র শিরোপাই যখন যন্ত্রণা উপশমের উপায়, আফ্রিদি তাই এখনই পাখির চোখ করে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপকে।আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার তাড়না আফ্রিদি অনুভব করছেন আরও একটি কারণে। ৩১ বছর বয়সী ক্রিকেটার ঠিক নিশ্চিত নন, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ২০১৫ বিশ্বকাপ তিনি খেলতে পারবেন কি না। ‘আমি হয়তো ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চাইব। কিন্তু সেটা ৪ বছর পরের কথা। এ কারণেই আমার মনোযোগ শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপে। কাজেই সঠিক পদক্ষেপ নিয়ে একটা দল গড়ে তুলতে চাইব যেটি টুর্নামেন্টটি জয়ের জন্য হবে যোগ্যতম’—বলেছেন আফ্রিদি।২০০৭-এ দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল পাকিস্তান। ভারতের কাছে হেরে শিরোপাবঞ্চিত হলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন আফ্রিদি। ২০০৯ সালে ইংল্যান্ডের দ্বিতীয় আসরে পাকিস্তান শিরোপা জেতে আফ্রিদির কাঁধে চেপেই। সেমিফাইনাল ও ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হন তিনি। কিন্তু ২০১০ ওয়েস্ট ইন্ডিজ আসরে আফ্রিদির অধিনায়কত্বেই পাকিস্তান সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে জিততে জিততে হেরে যায়।তিন আসরে একবার চ্যাম্পিয়ন, একবার রানার্সআপ, একবার সেমিফাইনাল—ক্রিকেটের সর্বাধুনিক সংস্করণটিতে পাকিস্তান অন্য মানের দল, এটা বলাই যায়। টি-টোয়েন্টির অন্যতম ধ্বংসাত্মক অলরাউন্ডার আফ্রিদি তাই বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ আগে জিতেছি। আমরা আবারও এটা জিততে পারব।’শিরোপার স্বপ্ন দেখলেও আফ্রিদি মনে করেন, এ জন্য পাকিস্তানকে খুব দ্রুতই এককাট্টা হয়ে ফরম্যাটটির সঙ্গে মানিয়ে নিতে হবে। এখানেই ভারতের কাছ থেকে পাকিস্তানের অনেক শেখারও আছে বলে মনে করেন পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক, ‘ভারতীয়রা বিশ্বকাপ জয়ের জন্য টুর্নামেন্টের দুই বছর আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল। আমাদেরও তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে হবে।’পাকিস্তানের বোলিং নিয়ে দুশ্চিন্তা কখনোই ছিল না। আফ্রিদিরও নেই। তাঁর ভয় ব্যাটিং নিয়ে, ‘টপ-অর্ডার, মিডল-অর্ডার—দুই জায়গাতেই আমাদের মানসম্পন্ন ব্যাটসম্যানের অভাব। সত্যিই আমাদের ভালো মানের কিছু তরুণকে দরকার, যারা টি-টোয়েন্টিতে আমাদের ব্যাটিংয়ের শক্তি বাড়াবে।’ ওয়েবসাইট।