টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরছেন যুবরাজ সিং
ক্যানসার-আক্রান্ত হওয়ার পর প্রতিশ্রুতিশীল ক্রিকেট ক্যারিয়ারটাই হুমকির মুখে পড়ে গিয়েছিল যুবরাজ সিংয়ের। গত বছরের নভেম্বরের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি এই ভারতীয় অলরাউন্ডার। তবে এবার আবার ব্যাট-বলের লড়াইয়ে ফিরে আসছেন যুবরাজ। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন এই মারমুখী বাঁহাতি ব্যাটসম্যান। আজ ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।চার বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে নিঃসন্দেহে অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন যুবরাজ সিং। এক ওভারে ছয়টি ছয় মেরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু ক্যানসার-আক্রান্ত হওয়ার পর তাঁকে আর কখনো ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে কি না, তা নিয়েই সংশয়ে ছিলেন অনেকে। তবে সব বাধাবিপত্তি অতিক্রম করে আবারও ভারতের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন যুবরাজ। শ্রীলঙ্কায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ব্যাটে ঝড় তুলবেন, এমনটাই প্রত্যাশা করছে যুবরাজের সমর্থকেরা। ভারতের নির্বাচক কমিটির সভাপতি কৃষ্ণমাচারি শ্রীকান্ত দল ঘোষণার পর সাংবাদিকদের বলেছেন, ‘যুবরাজকে সুস্থ বলে ঘোষণা করা হয়েছে, এ কারণেই সে দলে ডাক পেয়েছে। আর যেমনটা আমরা সবাই জানি, সবকিছু যদি তার অনুকূলে থাকে, তাহলে সে একাই একটা ম্যাচ জিতিয়ে দিতে পারে।’যুবরাজের সঙ্গে আবারও ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ মিলেছে হরভজন সিংয়ের। ভারতের এই ১৫ সদস্যের চূড়ান্ত দলের আটজনই ছিলেন ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে। সেপ্টেম্বরে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতের এই দল।ভারতের টি-টোয়েন্টি দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গৌতম গম্ভীর, বিরেন্দর শেবাগ, যুবরাজ সিং, বিরাট কোহলি, সুরেশ রায়না, মনোজ তিওয়ারি, রোহিত শর্মা, ইরফান পাঠান, রবিচন্দ্রন অশ্বিন, জহির খান, লক্ষ্মীপতি বালাজি, পীযূষ চাওলা, হরভজন সিং, অশোক ডিন্ডা।