টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের দুই প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট তারকা সাকিব আল হাসান টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুটি প্রতিজ্ঞা করেছেন: সেরা খেলা উপহার দেবেন এবং এইডস সম্পর্কে মানুষকে সচেতন করবেন।

গতকাল মঙ্গলবার রাজধানীর এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে সাকিব এই প্রতিজ্ঞার কথা জানান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), জাতিসংঘ শিশু তহবিল এবং ইউএনএইডস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ক্রিকেটে বিভেদ-বৈষম্যের জায়গা নেই। এইচআইভি এইডসে আক্রান্ত রোগীদের মানবাধিকারের বিষয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটাররা সবাইকে সচেতন করবেন। তাঁরা বলবেন, ক্রিকেট ও ক্রিকেটার সবার। থিঙ্ক ওয়াইজ ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশের সাকিব আল হাসান, ভারতের বীরেন্দর শেবাগ, শ্রীলঙ্কার কুমারা সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি, অস্ট্রেলিয়ার রিকি পন্টিংসহ আরও বেশ কিছু জনপ্রিয় ক্রিকেটার সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবেন, এইডস সম্পর্কে সচেতন করবেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলেন, ‘বিশ্বে এইচআইভি ও এইডসে আক্রান্ত রোগীদের একটি বড় অংশের বয়স ১৫ থেকে ২৪ বছর। আমি তরুণদের বলতে চাই, আপনারা সতর্ক থাকুন। সচেতন হোন। সত্য জানুন। প্রয়োজনে পরীক্ষা করান।’

সংবাদ সম্মেলনে ইউনিসেফের প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ বলেন, এই প্রচারের অংশ হিসেবে খেলোয়াড়েরা লাল ফিতা পরবেন, বাউন্ডারি বোর্ডে সচেতনতামূলক বার্তা থাকবে। প্রচারমাধ্যমগুলোর কল্যাণে এই বার্তা মানুষের কাছে পৌঁছে যাবে।

ইউএনএইডসের এদেশীয় পরিচালক লিও কেনি বলেন, থিঙ্ক ওয়াইজ ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো নতুন করে এইচআইভি ও এইডসে সংক্রমণ এবং এইডসে মৃত্যুর হার ও বৈষম্য শূন্যে নামিয়ে আনা।

এর আগে সকালে বাংলাদেশের ক্রিকেটাররা মিরপুরে এইডস আক্রান্ত ১৫টি শিশুর সঙ্গে ক্রিকেট খেলেন। তবে সংবাদ সম্মেলনে ক্রিকেট নিয়ে সাকিবকে প্রশ্ন করায় বিধিনিষেধ ছিল।