টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মরণীয় সব
টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর কী ছাপ রেখে যাচ্ছে? ফাইনালের আগে ২৬ ম্যাচের সেরা নির্বাচন করেছেন উৎপল শুভ্রম্যাচটি-টোয়েন্টির স্মৃতিতে ছাপ রেখে যাওয়ার ক্ষমতা খুব কম। কিন্তু অস্ট্রেলিয়া-পাকিস্তান সেমিফাইনালটি থাকছে ব্যতিক্রম হয়েই। রুদ্ধশ্বাস সমাপ্তির এই ম্যাচটি যাঁরা দেখেছেন, তাঁরা এটি ভোলেন কী করে! এই ম্যাচ বুঝিয়ে দিল ‘রুদ্ধশ্বাস’ শব্দটি এর আগে অকারণে ব্যবহার হয়েছে বহুবার! ৪০ ওভারের ম্যাচে বলতে গেলে ৩৯ ওভারই পাকিস্তানের আধিপত্যের সাক্ষী। ম্যাচের শেষ চার বলে মিথ্যা হয়ে গেল সব। শেষ ওভারে ১৮ রান প্রয়োজন অস্ট্রেলিয়ার। মিচেল জনসন প্রথম বলে সিঙ্গেল নেওয়ার পর পরের চার বলে মাইক হাসির ৬ ৬ ৪ ৬ রান! এটি নাটকের শেষ দৃশ্য। এর আগে আবেগের কত তোলপাড়! পাকিস্তানের ১৯১ তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেট যখন পড়ল, তখনো ৪৫ বলে প্রয়োজন ৮৭। হয় না-হয় না করতে করতে করেই ফেলল অস্ট্রেলিয়া। এমনই এক ম্যাচ, এত টেস্ট-ওয়ানডের রোমাঞ্চের সাক্ষী মাইকেল ক্লার্ক পর্যন্ত এটিকে ক্যারিয়ারের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচের স্বীকৃতি দিয়ে ফেলছেন। ইনিংসআন্তর্জাতিক টি-টোয়েন্টি দুটি সেঞ্চুরি দেখেছে এই বিশ্বকাপে। দেখেছে ৯০-এর ঘরের একাধিক ইনিংসও। তার পরও সেরার প্রতিযোগিতায় ৬০ রানের একটি ইনিংসের কাছে সেগুলো পরাজিত! পাকিস্তানের জন্য আলোয় ভরা দিনটিকে অন্ধকার করে দেওয়া মাইক হাসির ২৪ বলে অপরাজিত ৬০ রানের ইনিংসটি পরিস্থিতি বিবেচনায় টি-টোয়েন্টির সীমানা ছাড়িয়ে সীমিত ওভারের ক্রিকেটেরই অন্যতম সেরার মর্যাদা পাওয়ার দাবিদার। শটআবারও মাইক হাসি! এমনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা শট বেছে নেওয়ার চেয়ে কঠিন কাজ আর কিছু হতে পারে না। ছক্কার ফুলঝুরি ছোটে এখানে। ছক্কার ভিড়ে চার-টার মনেই থাকে না। তিন শ ছুুঁই ছুঁই ছক্কা দেখে ফেলেছে এই বিশ্বকাপ। কিন্তু প্রভাব বিবেচনায় সাঈদ আজমলের বলে মিড উইকেটের ওপর দিয়ে মারা হাসির ছক্কাটি আলাদা হয়ে আছে বাকি সব ছাপিয়ে। ম্যাচের নির্ধারক বলা যাবে না, কারণ স্কোর ততক্ষণে সমান হয়ে গেছে। শেষ দুই বলে ১ রান—অস্ট্রেলিয়ার জয় তখন নিশ্চিত। কিন্তু ওই অবিস্মরণীয় ওই ম্যাচের কথা ভাবুন, হাসির ওই ছক্কাটাই প্রথম ভেসে উঠবে চোখের সামনে।ক্যাচ২০০৫ অ্যাশেজে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক সিরিজে একের পর এক সহজ সব ক্যাচ ফেলায় কেভিন পিটারসেনের নাম হয়ে গিয়েছিল ‘বাটার ফিঙ্গার’ পিটারসেন। উমর আকমলের তা বিশ্বাসই হতে চাইবে না। পাকিস্তানি ব্যাটসম্যান যে দেখলেন, ডিপ মিড উইকেটে তাঁর তুলে মারা বলটিকে লং অন থেকে স্প্রিন্ট দিয়ে এসে অবিশ্বাস্য ক্যাচ বানিয়ে ফেলেছেন কেপি! পিটারসেনের ক্যারিয়ারের সেরা ক্যাচ? তিনি অবশ্য নির্লিপ্ত, ‘এ ধরনের ক্যাচ আপনি শুধু চেষ্টাই করতে পারেন। হয়ে গেলে সেটি দুর্দান্ত দেখায়।’বিতর্কবৃষ্টিবিঘ্নিত ম্যাচের মীমাংসায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির চেয়ে ভালো কিছু আবিষ্কৃত হয়নি। পল কলিংউডকে শুধু কথাটা বলে দেখুন না! ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস নিয়ে তাঁর সমস্যা নেই। কিন্তু টি-টোয়েন্টিতে এটা অচল বলেই দাবি ইংল্যান্ড অধিনায়কের। পরপর দুটি বিশ্বকাপে তাঁর এই উপলব্ধি ওয়েস্ট ইন্ডিজের কাছে (কলিংউড বলবেন, ডাকওয়ার্থ-লুইসের কাছে) হেরে। গত বিশ্বকাপে ওভালে ইংল্যান্ড ১৬১ করার পর ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য নির্ধারিত হয়েছিল ৯ ওভারে ৮০। এবার গায়ানায় ১৯১ করার পরও ইংল্যান্ডকে হারতে হয়েছে বৃষ্টি এসে ওয়েস্ট ইন্ডিজের জন্য ৬ ওভারে ৬০ রানের টার্গেট নির্ধারণ করে দেওয়ায়। কলিংউড তাই বেজায় চটেছেন এই পদ্ধতির আবিষ্কর্তা ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ ও টনি লুইসের ওপর। ডাকওয়ার্থ অবশ্য পাল্টা তোপ দেগেছেন, ‘২০০২ সালে টি-টোয়েন্টি শুরু হওয়ার পর ৭০টির ম্যাচ এই পদ্ধতিতে মীমাংসা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে দুটিই—দুটিই করেছেন পল কলিংউড।’ ডাকওয়ার্থ-লুইস কীভাবে কাজ করে, এটা অবশ্য কেউই বোঝেন না। এই দুই পরিসংখ্যানবিদও বোঝেন কি না, সেই সংশয়েরও কোনো উত্তর মেলেনি ডাকওয়ার্থের কাছ থেকে।চরিত্রটি-টোয়েন্টির গত বিশ্বকাপে খেলেছিলেন নেদারল্যান্ডের হয়ে। পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আনন্দও। সেই ডার্ক ন্যানেস এখন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অপরিহার্য সদস্য। ফাইনালের আগে ৬ ম্যাচে তাঁর ১৪ উইকেট—টুর্নামেন্টে সর্বোচ্চ। এটি গেল শুধু ক্রিকেটার ন্যানেসের কথা। মানুষ ন্যানেস তাঁর বোলিংয়ের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়। দারুণ স্যাক্সোফোন বাজাতে পারেন, জাপানিজ বলতে পারেন অনর্গল। এক সময় স্কিইং ইনস্ট্রাকটর হিসেবে কাজ করেছেন। ক্রিকেটের ফাঁকে ফাঁকে এখনো করেন। এত দিকে আগ্রহ যে, শুধু ক্রিকেট তৃষ্ণা মেটাতে পারে না ন্যানেসের।বৈপরীত্যপ্রথম তিন ম্যাচে রান ৮১, ১০০ ও ৯৮*। শেষ তিন ম্যাচে ৯, ৪ ও ১০। মাহেলা জয়াবর্ধনেকে চরম বৈপরীত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিল এই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এত বছর ধরে খেলছেন, জয়াবর্ধনের তাই আগেও পরিচয় ছিল ক্রিকেটের ছলনার সঙ্গে। প্রথম তিন ম্যাচে রানের ফোয়ারা ছোটানোর পর চারদিকে যখন ধন্য-ধন্য রব, জয়াবর্ধনে হেসে বলেছিলেন, ‘পরের ম্যাচে যদি শূন্য রানে আউট হয়ে যাই!’ তা হননি। তবে আশি-ঊর্ধ্ব ৩টি ইনিংসের পরের ৩ ইনিংস মিলিয়ে ২৩ রান আবারও জানিয়ে দিল—ক্রিকেটে আজ যে রাজা কাল সে ফকির।আলোচিতস্মৃতি বড় প্রতারক। তার পরও সেটি অনপনেয় কিছু ছাপ রেখে যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপের ম্যাচে মোহাম্মদ আমিরের করা ইনিংসের শেষ ওভারটি যেমন। একটি ডট বল বাদ দিলে বাকি ৫ বলেই উইকেট! আমির নিয়েছেন ৩টি, বাকি ২টি রানআউট। কোনো রানও হয়নি ওই ওভারে। ‘ফাইভ উইকেটস্ মেডেন’ আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের অনেক কিছুই হারিয়ে যাবে। তবে রেকর্ড বইয়ে চির-আলোচিত থাকবে আমিরের ওই ওভারটি। উক্তি‘মাইক হাসি ইজ আ ফ্রিক!’বক্তার নাম মাইকেল ক্লার্ক। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের পর মাইক হাসিকে যাঁর অতিপ্রাকৃত বলে মনে হচ্ছিল।