টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে শ্রীলঙ্কা
ফাইনাল পর্যন্ত এসে শিরোপাজয়ের স্বাদ না পেলেও আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখল করতে পেরেছে শ্রীলঙ্কা। পাঁচ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ। ৮৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে নবম স্থানে। গতকাল এই নতুন র্যাঙ্কিংয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইসিসি।শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের পর ১২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করেছে ভারত। তাদের পরে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সামগ্রিক সাফল্যটা প্রভাব ফেলেছে উইন্ডিজ ক্রিকেটারদের র্যাঙ্কিং উন্নয়নের ক্ষেত্রেও। ফাইনালের নায়ক মারলন স্যামুয়েলস আছেন টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ের ১৮তম স্থানে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন সাত ধাপ; এখন আছেন নবম স্থানে। স্পিনার সুনিল নারাইন বিশ্বকাপ শুরু করেছিলেন বোলিং র্যাঙ্কিংয়ে ২০তম অবস্থান নিয়ে। আর পুরো প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স দেখিয়ে তিনি উঠে এসেছেন ১৩তম স্থানে। ব্যাটিং র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান ব্যাটিং ভরসা ক্রিস গেইল।টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা বরাবরের মতো এবারও নিজের দখলে রেখেছেন নিউজিল্যান্ডের ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম। গেইলের পরে তৃতীয় স্থানে আছেন শেন ওয়াটসন। বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন বোলার হলেন সাঈদ আজমল, অজন্তা মেন্ডিস ও গ্রায়েম সোয়ান। টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডারের স্থানটা আছে শেন ওয়াটসনের দখলে। তিনি অন্যদের চেয়ে এগিয়ে আছেন অনেক ব্যবধানে। দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ হাফিজের সঙ্গে তাঁর পয়েন্ট ব্যবধান ১৮১। ২৭০ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসান আছেন চতুর্থ স্থানে। ক্রিকইনফো।