আরও একবার ব্যর্থতার বৃত্তেই আটকা পড়ল পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হার দিয়েই নিউজিল্যান্ড সফর শুরু করল তারা। সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তান হারল ৩৯ রানে।দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচেই আগে ব্যাট করে হারের মুখ দেখতে হয়েছিল পাকিস্তানকে। প্রথমটি অকল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে, দ্বিতীয়টি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। সে কথা মাথায় রেখেই বোধহয় আজ টস জেতার পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দেরি করেননি পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। ইনিংসের প্রথম বলেই জেসি রাইডারকে ফিরিয়ে দিয়ে শুরুটাও দুর্দান্তভাবেই করেছিল তারা। কিন্তু তারপর পুরোটা সময়ই হতাশ হতে হয়েছে পাকিস্তানি বোলারদের। সাতজন কিউই ব্যাটসম্যানকে আউট করতে পারলেও নির্ধারিত ২০ ওভার শেষে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে যোগ হয়েছে ১৮৫ রান। কিউই ব্যাটসম্যানদের ছোট ছোট বেশ কয়েকটি ঝোড়ো ইনিংসই নিউজিল্যান্ডের জয়ের ভিত্তিটা গড়ে দেয়। মার্টিন গুপ্তিল ৪৪, জেমস ফ্রাঙ্কলিন ৪০, রস টেলর ৩০*, স্টাইরিস ৩৪, ম্যাকগ্লাসান করেছেন ২৬ রান। পাকিস্তানের পক্ষে সাইদ আজমল ৩৫ রানের বিনিময়ে নিয়েছেন তিনটি উইকেট।১৮৬ রানের দুরূহ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ধারেকাছেও পৌঁছাতে পারেনি পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে পাকিস্তানি ইনিংস শেষ হয়েছে ১৪৬ রানে। ওপেনার মোহাম্মদ হাফিজ দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যাওয়ার পরই পাকিস্তানের হারটা অনেকখানি নিশ্চিত হয়ে গিয়েছিল। ৩০ বলে ৪৬ রান করে আউট হয়েছেন হাফিজ। উমর আকমল দীর্ঘ সময় উইকেটে থাকলেও নিউজিল্যান্ডের বিশাল স্কোর তাড়া করার মতো আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেননি। ৩২ বলে ২৬ রান করে ফিরে গেছেন সোউদির শিকারে পরিণত হয়ে। অফ স্পিনার নাথান ম্যাককালাম চার ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে তুলে নিয়েছেন চারটি উইকেট। সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড—১৮৪/৭ (২০ ওভার); মার্টিন গুপ্তিল ৪৪, জেমস ফ্রাঙ্কলিন ৪০; সাইদ আজমল ৪-০-৩৫-৩পাকিস্তান—১৪৬/০ (২০ ওভার); মোহাম্মদ হাফিজ ৪৬, উমর আকমল ২৬; নাথান ম্যাককালাম ৪-০-১৬-৪। ক্রিকইনফো।