টি-টোয়েন্টি সিরিজ স্যামিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন তারা। শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশে আসার আগে গেইল-স্যামিরা ব্যাটে শাণ দিচ্ছেন ভালোই! পরশু দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ক্যারিবীয়রা সিরিজ জিতে নিল এক ম্যাচ বাকি থাকতেই।
ইংল্যান্ডের ৬ উইকেটে করা ১৫২ রান ওয়েস্ট ইন্ডিজ টপকে গেছে ৭ বল বাকি থাকতেই। টি-টোয়েন্টি যে চার-ছক্কার খেলা সেটাই আরেকবার বুঝিয়ে দিলেন গেইল-স্যামিরা! দলের ১৫৫ রানের ১০৬ রানই আসে চার-ছক্কা থেকে।
১৫৩ রানের লক্ষ্য সামনে নিয়ে স্মিথ-গেইল ঝড়ে প্রথম ৪ ওভারেই ৪৪ তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। স্মিথ ১৬ বলে ৩০ এবং গেইল ৩০ বলে ৩৬ রান করে আউট হওয়ার পর অবশ্য রানে ভাটা পড়ে। তাতে বড় ভূমিকা রবি বোপারার, ৪ ওভারে মাত্র ১০ রান দিয়েছেন। শেষ দিকে তাই সমীকরণটা হয়ে পড়েছিল কঠিন। বিশেষ করে ব্রেসনানের পরপর দুই বলে স্যামুয়েলস-রাসেলের আউটের পর। ২২ বলে তখন দরকার ৩৭ রান, শেষ তিন ওভারে ৩১। অধিনায়ক স্যামির ঝড়ে তা এসে যায় ১১ বলেই! তিনটি ছক্কা ও দুই চারে স্যামি ৯ বলে করেন অপরাজিত ৩০ রান। গেইলের চার ছক্কার তিনটিই ছুটে যায় গ্যালারির ছাদে। তথ্যসূত্র: ক্রিকইনফো।
২৬ রানেই ৩ উইকেট হারানো ইংল্যান্ড লড়াই করার মতো পুঁজি পায় জস বাটলারের ক্যারিয়ার-সেরা ৪৩ বলে ৬৭ রানের ইনিংসে। হেলসের সঙ্গে চতুর্থ উইকেটে জুটি গড়েন ৭৬ রানের। ইংল্যান্ডকে সাধ্যের মধ্যে বেঁধে রাখতে বড় ভূমিকা সুনীল নারাইনের পরিবর্তে নামা পেসার ক্রিসমার সান্টোকির। ২১ রানে ৪ উইকেট নিয়ে তিনিই ম্যাচসেরা।