টি-টোয়েন্টি সিরিজও অস্ট্রেলিয়ার
প্রায় ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছিলেন ব্র্যাড হজ। কিন্তু ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান দল ও নিজের জন্য কিছুই করতে পারলেন না! এক ওভার বোলিং করতে পারলেও ব্যাট হাতে নামতেই পারেননি।
তাতে কী! আসল কাজটা তো হয়েছে। হোবার্টের পর কাল মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জিতেছে অস্ট্রেলিয়া। ৮ উইকেটের জয়ে ইংলিশদের দুঃস্বপ্নের প্রহরকে লম্বা করে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজটাও জিতে নিল এক ম্যাচ বাকি থাকতেই। এই প্রথম টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই র্যাঙ্কিংয়ে ইংলিশদের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। কালকের জয়ে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া আট থেকে উঠে এসেছে ছয়ে। ঠিক উল্টোটা ঘটেছে ইংল্যান্ডের ক্ষেত্রে।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৯ উইকেটে করে ১৩০ রান। সর্বোচ্চ ২২ রান করেন জস বাটলার। লাম্ব, রুট, ব্রেসনান, ব্রড—প্রত্যেকেই করেন সমান ১৮ করে। ৩০ রানে ৪ উইকেট নেন জস হ্যাজলউড। ম্যাচসেরাও তিনিই। অস্ট্রেলিয়া লক্ষ্য ছুঁয়ে ফেলে ৩১ বল হাতে রেখেই। হজ সুযোগ না পেলেও আরেক ভিক্টোরিয়ান ক্যামেরন হোয়াইট আলো ছড়িয়েছেন এ ম্যাচেও। হোবার্টে ৭৫ করা হোয়াইট কাল ৪৫ বলে করেছেন অপরাজিত ৫৮। অধিনায়ক বেইলি অপরাজিত ৬০ করেন ২৮ বলে। তথ্যসূত্র: ক্রিকইনফো।