টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ভারত
প্রথম টি-টোয়েন্টির মতো আজ দ্বিতীয় ম্যাচেও টানটান উত্তেজনা ছড়িয়েছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। ভারতের ছুঁড়ে দেওয়া ১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদের ভালো ব্যাটিংয়ের সুবাদে জয়ের অনেকটা কাছাকাছি চলে গিয়েছিল সফরকারী পাকিস্তান। কিন্তু শেষপর্যন্ত ১১ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় হাফিজ বাহিনীকে। প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের হারের পর আজকের এই জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিক ভারত। এখন চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের শ্রেষ্ঠত্বের বিচার হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে।আজকের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করেছেন দুই পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ ও নাসির জামশেদ। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেছিলেন ৭৪ রান। তবে দশম ওভারে ক্রমশই বিপদজনক হয়ে ওঠা নাসির জামশেদকে সাজঘরে ফিরিয়ে ভারতীয় শিবিরে স্বস্তি ফিরিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। পরের ওভারে আরেক ওপেনার আহমেদ শেহজাদকেও সাজঘরমুখী করেন যুবরাজ সিং। ৩১ রান করে আউট হন শেহজাদ। তৃতীয় উইকেটে ৬২ রানের চমত্কার এক জুটি গড়ে পাকিস্তান শিবিরে জয়ের আশা বেশ ভালোমতোই জাগিয়ে রেখেছেন অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও উমর আকমল। দলীয় ১৪৬ রানের মাথায় এই জুটি ভাঙ্গতে সক্ষম হন অশোক ডিনডা। ২৪ রান করে ফিরে যান আকমল। ১৯তম ওভারে হাফিজ ও কামরান আকমলকে সাজঘরে পাঠিয়ে ভারতের জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন অশোক ডিনডা।