টি-টোয়েন্টিকে সাঙ্গাকারার আগাম বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার সাঙ্গাকারা
কুমার সাঙ্গাকারা

বয়স হয়ে গেছে ৩৬। আর খুব বেশি দিন হয়তো মাঠেই দেখা যাবে না কুমার সাঙ্গাকারাকে। তবে আগাম বিদায় জানিয়ে রাখলেন ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণকে। জানিয়ে দিয়েছেন, এই বিশ্বকাপের পরে টি-টোয়েন্টি ক্রিকেট আর খেলছেন না।
শ্রীলঙ্কান দৈনিক সানডে আইল্যান্ডকে সাঙ্গাকারা কাল বলেছেন, ‘এতে কোনো সন্দেহ নেই এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর পর আমি আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলব না।’ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না, তবে অর্থকরী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি চালিয়ে যাবেন, ‘এখনই আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে না। যখন আপনার বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে যাবে, তখন আপনার পরের প্রজন্মকে একটি সুযোগ দিতে হবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।’
এবার যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না জিততে পারে শ্রীলঙ্কা, তাহলে একটা অতৃপ্তি নিয়েই সমাপ্তি ঘটবে সাঙ্গাকারার টি-টোয়েন্টি ক্যারিয়ারের। এর আগে দুবার ফাইনালে উঠেও পরাজিত দলের সদস্য থাকতে হয়েছে তাঁকে। ২০০৯ সালে পাকিস্তানের সঙ্গে ফাইনালের সময় শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন সাঙ্গাকারা। আর দুই বছর আগে দেশের মাটিতেই শ্রীলঙ্কার উৎসব পণ্ড করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
কিন্তু এখনই কেন বিদায় বলে দিচ্ছেন? এমনও নয় টি-টোয়েন্টিতে খাপ খাওয়াতে পারছেন না। ৫০ ম্যাচে ৩২.৭৭ গড়ে ১২০ স্ট্রাইক রেটে ১৩১১ রান করেছেন। টি-টোয়েন্টিতে তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু ব্রেন্ডন ম্যাককালাম এবং দুই সতীর্থ মাহেলা জয়াবর্ধনে ও তিলকরত্নে দিলশান। সাঙ্গাকারা যুক্তি তুলে ধরলেন তাঁর মতো করেই গুছিয়েই, ‘উন্নতিই আসলে খেলার আসল কারণ। যখন আপনি একটি লক্ষ্য অর্জন করে ফেলবেন, তখন আপনি আরেকটি লক্ষ্যের দিকে ছুটবেন। আপনি বুড়ো হন বা তরুণ, সেই উদ্দীপনাটা আপনার থাকতে হবে। যখন এই স্পৃহাটা আপনার চলে যাবে তখন আপনি চাইবেন দলে শুধু জায়গা ধরে রাখতে। এটাই আসলে আপনার বিদায় বলে দেওয়ার সবচেয়ে ভালো সময়।’ ওয়েবসাইট।