টি-টোয়েন্টিতে অধিনায়ক মাশরাফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি ম্যাচের দলে নেই তিনি। আঙুলের চোট নিয়ে আজ সকালেই তাই ঢাকায় ফিরে যাওয়ার কথা মুশফিকুর রহিমের। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাঁর জায়গায় বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। তামিম ইকবালই সহ-অধিনায়ক।
এর আগেও বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মাশরাফি। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বের সময় ছিলেন সহ-অধিনায়কও। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়াটা তাই তাঁর জন্য নতুন কিছু নয়।
আঙুলের ব্যথা নিয়েই দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং-ফিল্ডিং করেছেন। আজ ঢাকায় ফিরে গিয়ে মুশফিকের আঙুলের স্ক্যান করানোর কথা। তবে মুশফিক আশাবাদী, সুস্থ হয়ে উঠবেন ওয়ানডে সিরিজের আগেই। ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া মুশফিক তখন আবার ফিরবেন দায়িত্বে।