টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হার
ব্যাট হাতে ৯০ রানের ঝোড়ো এক ইনিংস খেলে দলের পক্ষে একাই লড়াই করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে তাঁর এই ইনিংস এনে দিতে পারেনি দলের জয়। দলীয় সংগ্রহটা বড় না হওয়ায় ১৩৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে খুব একটা বেগ পেতে হয়নি লঙ্কানদের। প্রথমে জানিথ পেরেরা এবং পরে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও লাহিরু থিরামান্নের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে সাত বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে সফরকারী দলটি। পাঁচ উইকেটের এই জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা এখন এগিয়ে ১-০ ব্যবধানে। ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করেছিলেন দুই লঙ্কান ওপেনার জানিথ পেরেরা ও তিলকারত্নে দিলশান। উদ্বোধনী জুটিতেই ৪৬ রান যোগ করেছিলেন এই দুই ব্যাটসম্যান। পরে টানা দুই ওভারে এই দুজনই সাজঘরে ফিরলে লক্ষ্যের পেছনে তাড়া করার গতিটা একটু কমে যায়। পেরেরা ৩৩ ও দিলশান ১৬ রান করে আউট হন। ১১ ওভারের মধ্যে মাহেলা জয়াবর্ধনে ও দিনেশ চান্দিমালের উইকেটও অসি বোলাররা তুলে নিলে লঙ্কানরা কিছুটা বিপদেও পড়ে যায়। ৬৯ রানে ৪ উইকেট হারানোর পর অ্যাঞ্জেলো ম্যাথুজ ও লাহিরু থিরামান্নের মধ্যে গড়ে ওঠা ৩৫ রানের জুটিটিই মূলত শ্রীলঙ্কাকে বিপদমুক্ত করে। ১৬তম ওভারে থিরিমানে সাজঘরে ফেরার পর ম্যাথুস বাকি কাজটা সেরে ফেলেন থিসারা পেরেরাকে সঙ্গে নিয়ে। ষষ্ঠ উইকেটে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন ডোহার্টি ও ম্যাক্সওয়েল। স্টার্কের ঝুলিতে গেছে একটি উইকেট।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি অস্ট্রেলিয়া। কুলাসেকেরার করা দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার অ্যারন ফিঞ্চ। সপ্তম ওভারে রানআউটের ফাঁদে পড়েন শন মার্শ। তখন স্কোরবোর্ডে যোগ হয়েছিল মাত্র ৩১ রান। অধিনায়ক জর্জ বেইলিও বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। নবম ওভারে দলীয় ৫৩ রানের মাথায় তিনি ফেরেন মাত্র ১১ রান করে। তবে উইকেটে অপর প্রান্তে যেন খুঁটি গেঁড়ে বসেছিলেন ডেভিড ওয়ার্নার। উইকেটে থেকে লঙ্কান বোলারদের তটস্থই করে রেখেছিলেন তিনি। চতুর্থ উইকেটে অ্যাডাম ভগকে সঙ্গী করে তিনি গড়েন ৮৪ রানের চমত্কার এক জুটি। এর মধ্যে ৫৭ রানই এসেছিল ওয়ার্নারের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৬২ বলে ৯০ রানের হার না মানা দুর্দান্ত এক ইনিংস খেলে মাঠ ছাড়েন ওয়ার্নার। কিন্তু দিন শেষে সেই ইনিংসটা বিফলেই গেল ওয়ার্নারের। কুলাসেকেরা ও থিসারা পেরেরা নিয়েছেন দুটি করে উইকেট।