টি-টোয়েন্টিতে উজ্জ্বল একাডেমি
প্রথম চারদিনের ম্যাচ ইনিংসে হেরে জিপি-বিসিবি একাডেমি শেষটিতে জিতল ইনিংস ব্যবধানে। ওয়ানডে প্রথমটি জিতে হারল পরের দুটিতে। টি-টোয়েন্টিতে এমন কিছু হয়নি। প্রথমটির মতো শেষ ম্যাচটিও জিতে টি-টোয়েন্টি সিরিজ ২-০-তে জিতে নিয়েছে জিপি-বিসিবি একাডেমি। পরশু ২৬ রানে পরাজিত দক্ষিণ আফ্রিকা একাডেমি কাল হেরেছে ৭ উইকেটে।চার ওভারের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকার ইনিংসটা গতি পায়নি কখনোই। গড়ে উঠেনি বড় কোনো জুটিও, সবচেয়ে বড় জুটিটি ৩৮ রানের। সর্বোচ্চ ৩৭ রান করা ডোনিকি হেনড্রিকস বল খেলেছেন ৩৩টি, ডাবল সেঞ্চুরি দিয়ে সিরিজ শুরু করা ক্রিস্টিয়ান স্কোম্যান সিরিজ শেষ করেছেন ২৩ বলে ৩৪ রান করে। নূর হোসেনের লেগ স্পিন আর আসিফ আহমেদের অফ স্পিন মাঝের ওভারগুলোতে কমিয়ে দেয় রানের গতি। দুজনের ৭ ওভারে রান এসেছে ৩৪। ওপেনার সৌম্য সরকার তৃতীয় ওভারে ফিরে গেলেও জয় নিশ্চিত করে দেয় দ্বিতীয় উইকেট মাইশুকুর-আনামুলের ৭৮ রানের জুটি। মাইশুকুরকে রানআউট করার পর আনামুলকেও ফিরিয়ে দেন অফ স্পিনার প্যাট্রিক বোথা। নাসির-মমিনুলের জুটি জয় এনে দেয় এক ওভার আগেই। ৪৯ বলে ৬০ করে ম্যাচসেরা আনামুল, দুই ম্যাচে ৫ উইকেট আর এক ইনিংসে ২১ রান করে সিরিজ-সেরা আলাউদ্দিন বাবু।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা একাডেমি: ২০ ওভারে ১৩৬/৭ (ফন উইক ২, বোথা ২০, রিচার্ডস ১২, স্কোম্যান ৩৪, হেনড্রিকস ৩৭, মোসেনা ২, ভিলিওন ১৩, পিয়েট ১২*, হিউম ১*; নূর ২/২৩, আলাউদ্দিন ২/৩০, নাসির ১/২১)।জিপি-বিসিবি একাডেমি: ১৯ ওভারে ১৩৯/৩ (সৌম্য ১৩, মাইশুকুর ৩৪, আনামুল ৬০, নাসির ১৮*, মমিনুল ৮*; ভিলিওন ১/১৫, বোথা ১/৩০)।ফল: জিপি-বিসিবি ৭ উইকেটে জয়ী (সিরিজ ২-০-তে জয়ী)। ম্যান অব দ্য ম্যাচ: আনামুল হক। ম্যান অব দ্য সিরিজ: আলাউদ্দিন বাবু।