টি-টোয়েন্টিতে ওয়ানডেরই মঞ্চায়ন!
মাঠেই বিজয়োল্লাস হয়ে গেছে এক দফা। ড্রেসিংরুমের সামনেও চলছিল ‘হাই ফাইভ’ আর পিঠ চাপড়ে দেওয়া। চলছিল খুনসুটি-মজাও। মুহূর্তগুলো ভিডিও ক্যামেরায় ধরে রাখছিলেন ইয়োল্যান্ডি ফন ডার ওয়েস্টহুইজেন। আরেক ড্রেসিংরুমের সামনে কথা বলছেন বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল। পরাজয়ে দগ্ধ মেয়েদের দিচ্ছিলেন সান্ত্বনা আর উৎসাহ। যেন গোটা সিরিজের প্রতীকী দুটি দৃশ্য!সেই ২০০৮ সালে আইরিশ মেয়েদের বিপক্ষে ১ ম্যাচের একটা ‘সিরিজ’ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এক ম্যাচকে তো আর সিরিজ বলা যায় না, সেই হিসেবে এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। দক্ষিণ আফ্রিকার মেয়েরা তো মুহূর্তটা স্মৃতির ফ্রেমে বাঁধিয়ে রাখতে চাইবেই! ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজটাও ঠিক একইভাবে হারল বাংলাদেশ। অথচ সিরিজ শুরুর আগে সম্ভাব্য ফলাফল ২-১ বললে বাংলাদেশ হাসিমুখেই মেনে নিত। ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসা দলের সঙ্গে একটি ওয়ানডে জয়, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় হওয়া দলের বিপক্ষে একটি টি-টোয়েন্টি জয়ই বা কম কী! হাজার দশেক দর্শক কাল মাঠ ছাড়ল দীর্ঘশ্বাস ফেলে। খুব কাছে গিয়েও ইতিহাস গড়তে না পারার হতাশাও থাকবে নিশ্চিত, তবে শেষ পর্যন্ত প্রাপ্তি আর প্রশংসার পাল্লাটাই ভারী হওয়া উচিত।কালকের পরাজয়টা অবশ্য একটু বেশিই বুকে বাজার কথা। স্পিন-জালে আটকে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৮৫ রানেই বেঁধে ফেলেছিল বাংলাদেশের মেয়েরা। মোটামুটি মানের ব্যাটিংই যথেষ্ট ছিল রানটাকে টপকে যেতে। কিন্তু সিরিজ জয়ের হাতছানির চাপ আবারও পেয়ে বসল বলেই হয়তো সিরিজের সবচেয়ে বাজে ব্যাটিংয়ের জন্য এই দিনটিকেই বেছে নিল বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি সিরিজের চিত্রনাট্য অনুসরণ করল ওয়ানডে সিরিজকে। প্রথম ম্যাচে গৌরবদীপ্ত জয়, দ্বিতীয় ম্যাচে জিততে জিততেও হার আর শেষ ম্যাচে লজ্জার হার!সালমারা আসলে পেরে ওঠেননি দক্ষিণ আফ্রিকান পেসের কাছে। দুই দল মিলিয়েই দ্রুততম বোলার শাবনিম ইসমাইল, কাল যেন গতি আরও বাড়ালেন। নতুন বলে দারুণ বোলিং করলেন মারিজান ক্যাপও। রান করা তো দূরের ব্যাপার, বলে ব্যাটই ছোঁয়াতে পারছিলেন না বাংলাদেশের মেয়েরা। ইনিংসের প্রথম বলেই ১ রান আসে থার্ডম্যান থেকে, পরের রানটি ইনিংসের ২১তম বলে! ৪ ওভার শেষে দলের রান ছিল ২। দুই পেসার শাবনিম-ক্যাপ মিলে ৮ ওভারে মাত্র ১৪ রান খরচায় নিয়েছেন ২ উইকেট, মূল পার্থক্য গড়ে দিয়েছে ওটাই। আরেক পেসার মারসিয়া লেতসোয়ালো সালমা খাতুনের উইকেট নিয়ে ম্যাচটাই শেষ করে দিয়েছেন। সোজা বলে আলসে এক পুল করে বোল্ড সালমা। এক ফারজানা হকই যা একটু চেষ্টা করলেন। প্রোটিয়া অধিনায়ক ম্যাচ শেষে বললেন, বাংলাদেশের মেয়েদের গতিময় বোলিংয়ে চমকে দেওয়ার পরিকল্পনাটাই কাজে লেগেছে।টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা এগিয়ে যাচ্ছিল বড় স্কোরের দিকেই। রানখরায় ভুগতে থাকা অধিনায়ক মিগনন ডু প্রিজ কাল তিনে উঠে এসে খেললেন ৫০ রানের দারুণ এক ইনিংস। কিন্তু শুকতারা রহমান আর খাদিজাতুল কুবরার স্পিনে হঠাৎই দিশাহারা প্রোটিয়া মেয়েরা। ১৪.৫ ওভারে রান ছিল ৩ উইকেটে ৭৫, পরের ৫ ওভারে বাকি ৭ উইকেট পড়ে যায় ১০ রানের মধ্যেই!বোলিংয়ের ওই উচ্ছ্বাস দিন শেষে আর থাকেনি ব্যাটসম্যানদের ব্যর্থতায়। দক্ষিণ আফ্রিকার মেয়েরা বিশ্বকাপে যাচ্ছে স্বস্তি নিয়েই। আর বাংলাদেশের মেয়েদের জন্য এই সিরিজ হয়ে থাকবে একটা শিক্ষা। সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ১৯.৫ ওভারে ৮৫ (ডু প্রিজ ৫০, মারিজান ২১, জাহানারা ৩-০-১৩-০, লিলি ৩-১-১৮-২, রুমানা ৪-০-১৭-১, সালমা ৩-০-১৯-০, কুবরা ৩.৫-০-১৪-৩, শুকতারা ৩-০-৪-৩)। বাংলাদেশ: ২০ ওভারে ৬৯/৭ (লতা ৩, রুমানা ১০, ফারজানা ২৩, সালমা ৭, শুকতারা ৮, সানজিদা ৫, রিতু ৩, জাহানারা ৫*, লিলি ০*; ফন নিকার্ক ২/৯, শাবনিম ১/৪, মারিজান ১/৬, লবসের ১/১৩, লেতসোয়ালো ১/১৫)। ফল: দক্ষিণ আফ্রিকা ১৬ রানে জয়ী (সিরিজ ২-১-এ জয়ী)। প্লেয়ার অব দ্য ম্যাচ: মিগনন ডু প্রিজ। প্লেয়ার অব দ্য সিরিজ: সুসান বেনাডে।