টি-টোয়েন্টিতে বল কম ঘুরলেই ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আলোয় কলাম লিখছেন। তবে সেটি ম্যাচ ধরে ধরে বা বিষয়ভিত্তিক। শিরোপার লড়াইয়ে যখন চার দল, একটু সামনের দিকে তাকাতে বলা হলো ধারাভাষ্যকার হিসেবে ঢাকায় আসা সৌরভ গাঙ্গুলীকে। কাল বিকেলে সোনারগাঁও হোটেলের সুইমিংপুলের পাশে নেওয়া একান্ত সাক্ষাৎকারে এল বাংলাদেশ প্রসঙ্গও—

এই প্রশ্নের উত্তর দেওয়ায় ঝুঁকি আছে, কিন্তু সরাসরি উত্তর চাই। কে জিতবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ?
সৌরভ গাঙ্গুলী: ঝুঁকির ব্যাপার না, আসলেই বলা কঠিন। কারণ চারটি দলেরই ট্রফি জেতার ক্ষমতা আছে। তবে আমি চাইব, ভারত জিতুক।

সেটা তো চাইবেনই। কিন্তু দেশপ্রেম ভুলে গিয়ে শুধুই ক্রিকেটীয় বিবেচনা কী বলে?
সৌরভ: ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে...ইন্ডিয়া (হাসি)। শ্রীলঙ্কাও। যাদের ভালো স্পিনার আছে, তাদের নিশ্চিতভাবেই এগিয়ে রাখতে হবে। ও হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজও তো! ওয়েস্ট ইন্ডিজ যা খেলল কাল! ভালো স্পিনার তো ওদেরও আছে। এ জন্যই বলছি, চার দলের যেকোনোটি জিততে পারে। কে জিতবে বলে দেওয়াটা তাই সম্ভব নয়।
যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ফাস্ট বোলিংটাই বেশি যায়, সেখানে ওদের এমন দুর্দান্ত স্পিন আক্রমণ একটু অবাক করার মতো নয়?
সৌরভ: এই ফরম্যাটটা তো আলাদা। ভুলে যাচ্ছেন কেন, ওয়েস্ট ইন্ডিজ আগেরবারের চ্যাম্পিয়ন। টি-টোয়েন্টি আলাদা খেলা, এর সঙ্গে টেস্ট ক্রিকেটের কোনো তুলনাই হয় না।
কাল (আজ) প্রথম সেমিফাইনালে আপনার ফেবারিট কে, ওয়েস্ট ইন্ডিজ না শ্রীলঙ্কা?
সৌরভ: যে দল ভালো ব্যাটিং করবে, তারাই জিতবে।
এটা কেমন উত্তর হলো! ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচের আগেও সবাই বলেছে স্পিনের লড়াই, আপনি কলামে লিখেছেন ব্যাটিংয়ের...
সৌরভ: আমি আবারও বলছি, যারা ভালো ব্যাট করবে তারাই জিতবে। কী হচ্ছে, দেখুন না! কাল (পরশু) ওয়েস্ট ইন্ডিজ ভালো ব্যাট করেছে, জিতেছে। এর আগে নিউজিল্যান্ড বাজে ব্যাটিং করেছে, হেরেছে। অস্ট্রেলিয়া খারাপ ব্যাট করেছে, হেরেছে। যে দলের ব্যাটসম্যানরা ভালো স্পিন খেলবে, তারাই জিতবে।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশেষ কোন দিকটা আপনার বেশি নজর কেড়েছে?
সৌরভ: স্পিন। অসাধারণ স্পিন বোলিং। স্পিন বোলিং খুব ভালো হচ্ছে।
সেটির মূল কারণ কি কন্ডিশন?
সৌরভ: হ্যাঁ, কন্ডিশনের কারণেই।
টি-টোয়েন্টি যখন শুরু হলো, অনেকে ভেবেছিলেন এই খেলায় স্পিনারদের কোনো ভাত নেই। এখন তো দেখা যাচ্ছে স্পিনাররাই উল্টো নির্ধারক হয়ে দাঁড়াচ্ছেন...
সৌরভ: এটা তো টার্নিং ট্র্যাকের ওপর নির্ভর করে। উইকেটে যদি বল স্পিন করে, স্পিনাররা অবশ্যই কার্যকর হবে।
প্রথাগত টি-টোয়েন্টির সঙ্গে ব্যতিক্রম হয়ে এই টুর্নামেন্টে ব্যাট-বলের লড়াই হচ্ছে। এটাই কি ভালো?
সৌরভ: এক দিক থেকে বলতে পারেন। তবে আমার মনে হয়, টি-টোয়েন্টি ক্রিকেটে বল কম ঘুরলেই ভালো।
মানে টি-টোয়েন্টিতে বেশি চার-ছয়, বেশি রান হলেই ভালো?
সৌরভ: অবশ্যই। তার চেয়েও বড় কথা, বল কম ঘুরলে দুই দলেরই জেতার সমান সুযোগ থাকে।
আগের বিশ্বকাপগুলোয় যেমন নির্দিষ্ট কারও দাপট ছিল, এবার তা নয়। এখন পর্যন্ত কার পারফরম্যান্স আপনার চোখে বেশি নম্বর পাচ্ছে?
সৌরভ: ব্যক্তিগত পারফরম্যান্সের কথা বলছেন? ড্যারেন স্যামি, (রবিচন্দ্রন) অশ্বিন, বিরাট কোহলি।
ড্যারেন স্যামি তো সত্যিকার অধিনায়কের মতো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন...
সৌরভ: স্যামি এই ফরম্যাটে ভালো। আর অধিনায়ক তো ততটাই ভালো, যতটা ভালো তাঁর দল।
আপনার এই দর্শনের কথা জানি। কিন্তু অধিনায়কত্বও তো পার্থক্য গড়ে দিতে পারে। নইলে তো যে কাউকে অধিনায়ক করলেই হয়। আপনি কি মনে করেন, একজন ভালো অধিনায়ক কতটা পার্থক্য গড়ে দিতে পারে?
সৌরভ: টোয়েন্টি পার্সেন্ট।
এই টুর্নামেন্টে ব্যক্তিগত কোন ব্যাটিং বা বোলিং পারফরম্যান্স আপনার নজর কেড়েছে?
সৌরভ: চট্টগ্রামে অ্যালেক্স হেলসের সেঞ্চুরি। গত দুই ম্যাচে ড্যারেন স্যামির ব্যাটিং।
বাংলাদেশের খেলা তো দেখলেন। কী মনে হলো?
সৌরভ: বাংলাদেশের অবনতি হয়েছে।
আপনি কলামেও লিখেছেন, বাংলাদেশ আরও খারাপ হয়েছে। কিন্তু গত কিছুদিন তো বাংলাদেশের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল স্পষ্ট। ভারত-শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে...
সৌরভ: (থামিয়ে দিয়ে) দুই বছর! আমি গত দুই বছরের কথা বলেছি। এশিয়া কাপ তো দুই বছর আগে।
এশিয়া কাপের পরই তো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে, নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। শ্রীলঙ্কায় গিয়ে প্রথমবারের মতো টেস্ট ড্র করেছে, ওয়ানডে জিতেছে....
সৌরভ: বাংলাদেশ এই টুর্নামেন্টে ভালো খেলেনি।
বাংলাদেশ টি-টোয়েন্টি কখনোই ভালো খেলে না। পাওয়ার হিটার না থাকাটা কি এর মূল কারণ?
সৌরভ: পাওয়ার, মানিয়ে নেওয়া সবকিছুই।
সাকিব একটা সাক্ষাৎকারে বলেছেন, দেশের মানুষের প্রত্যাশার চাপের কারণে বাংলাদেশ খারাপ করেছে। প্রত্যাশার চাপের সঙ্গে তো আপনার ভালোই পরিচয় আছে। এটা সামলানো কতটা কঠিন?
সৌরভ: প্রত্যাশা তো থাকবেই। সেই চাপটাও নিতে হবে। কাজটা কঠিন, কিন্তু আপনাকে চাপটা শুষে নিতে হবে। হজম করতে হবে। এটা করতে না পারলে হবে না।
তা করার পদ্ধতিটা কী?
সৌরভ: নিজেকেই সেই পথ খুঁজে নিতে হয়।
আপনি কী করতেন?
সৌরভ: আমি আমার নিজের একটা ‘জোন’ তৈরি করতাম। জানতাম, আমাকে এর মধ্যেই থাকতে হবে। ‘জোন’ তৈরি করাটা খুব দরকার। নইলে হবে না।
এই ‘জোন’টা কী? চারপাশে এমন একটা বলয় তৈরি করা, যাতে বাইরের কিছু স্পর্শ না করে...
সৌরভ: একদম ঠিক বলেছেন।
এমন করতে হবে, এটা সবারই জানা। কিন্তু করাটা তো সহজ নয়, তাই না?
সৌরভ: না, সবাই তো করে। নইলে কি আর এদ্দিন ধরে কেউ খেলে যেতে পারে!
এটা করতে পারা না-পারাটাই কি বড় খেলোয়াড় আর ছোট খেলোয়াড়ের পার্থক্য গড়ে দেয়?
সৌরভ: হ্যাঁ, নিশ্চয়ই।