টি-টোয়েন্টিতে বাস্তববাদী সাকিব
চার ম্যাচে মাত্র এক জয়। কাগজে-কলমে ভালো দল হয়েও এনসিএল টি-টোয়েন্টি লিগে কেন এই দুর্গতি কিংস অব খুলনার? পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই অধিনায়ক সাকিব আল হাসান দিয়ে দিলেন এই প্রশ্নের উত্তর, ‘ক্রিকেট তো আর কাগজে-কলমে খেলা হয় না, হয় মাঠে। মাঠে আমরা ভালো খেলতে পারছি না।’সাকিব নিজে তো আছেনই, আছেন জাতীয় দলের ইমরুল কায়েস, আবদুর রাজ্জাক, তুষার ইমরান আর ডলার মাহমুদ। শ্রীলঙ্কা থেকে উড়িয়ে আনা হয়েছে মাহেলা উদয়াত্তে আর নুয়ান জয়সার মতো ক্রিকেটারকে। মাঠের ক্রিকেট তার পরও কেন ভালো হচ্ছে না? এই জায়গায় সাকিব একরকম সমালোচনাই করলেন সহ-খেলোয়াড়দের, ‘প্রত্যেককে যার যার জায়গায় সচেতন হতে হবে। কে কতটা সিরিয়াস, দলের জন্য জান-প্রাণ দিয়ে কে কতটা খেলতে চায় তার ওপর ব্যাপারটা নির্ভর করে।’ সাকিব অবশ্য সতীর্থদের কারও মধ্যেই দায়বদ্ধতার কোনো ঘাটতি দেখছেন না, ‘সবাই চেষ্টা করছে। তবে চেষ্টাটা সঠিক পথে হচ্ছে কি না, সেটাই বিষয়।’প্রথম এনসিএল টি-টোয়েন্টি লিগের সেমিফাইনালে যাওয়ার পথে কিংস অব খুলনার সামনে এখন একটাই শর্ত—আজ বরিশাল ব্লেজার্সের বিপক্ষে তাদের জিততেই হবে। সাকিব আশাবাদী, তবে একটু সতর্কও, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলা খেললেই জেতা সম্ভব। তবে স্বাভাবিক খেলাটাও অত সহজ না।’ সাকিব মানছেন, সেই স্বাভাবিক খেলাটা পুরোপুরি নিজেও খেলতে পারেননি টুর্নামেন্টে, ‘ব্যাটিং একটুও ভালো হয়নি। এটা নিয়ে আমি উদ্বিগ্ন। তবে বোলিং-ফিল্ডিং ঠিক আছে। আমি ভালো খেললে দলের অনেক সুবিধা হয়। আমার ভালো খেলাটা জরুরি।’এনসিএল টি-টোয়েন্টিতে ভালো খেলাটা আরেকটা কারণেও জরুরি সাকিবের জন্য। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই টুর্নামেন্টটাই যে মূল প্রস্তুতি বাংলাদেশ দলের! তবে সাকিবকে এই জায়গায় খুব একটা চিন্তিত মনে হচ্ছে না, ‘মনে হয় না খুব সমস্যা হবে। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা এখন ভালো খেলছি। সবাই এখন পেশাদার। ভালো খেলার চেষ্টা সবার মধ্যেই আছে।’তার পরও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে খুব বড় কোনো স্বপ্ন না দেখতেই পরামর্শ দিচ্ছেন সাকিব। কারণটাও পরিষ্কার—‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষের নাম যে অস্ট্রেলিয়া ও পাকিস্তান! ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে খুব বেশি আশা করা ঠিক হবে না। আমাদের গ্রুপটা কঠিন। এমনিতে অস্ট্রেলিয়া বা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতা অসম্ভব কিছু নয়। তবে ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া আর উইকেটের কথা মাথায় রাখলে আমাদের জন্য কাজটা কঠিনই।’