আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কাল ইতিহাস গড়লেন শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস। প্রথম বোলার হিসেবে ম্যাচে নিলেন ৬ উইকেট। ৪-১-১৬-৬! তাঁর এমন ঈর্ষণীয় বোলিংয়েই প্রায় হাতছাড়া হয়ে যাওয়া ম্যাচ ৮ রানে জিতল স্বাগতিক শ্রীলঙ্কা। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতেও হেরে সিরিজে ধবলধোলাই অস্ট্রেলিয়া।প্রথমে ব্যাট করে মাহেলা জয়াবর্ধনের ৬৩ বলে ৮৬ রানের (১২টি চার, ১টি ছয়) ইনিংসের সুবাদে ৯ উইকেটে ১৫৭ রান করে শ্রীলঙ্কা। জবাবে অস্ট্রেলিয়া ৯ উইকেটে তোলে ১৪৯ রান।শেষ পর্যন্ত হারলেও ব্যাটিংয়ে এসে স্বাগতিকদের কাঁপিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। বিশেষ করে, ওপেনিংয়ে আসা শেন ওয়াটসনের আগ্রাসী ব্যাটিং। ষষ্ঠ ওভারে মেন্ডিসের বলে এলবিডব্লু হওয়ার আগে ওয়াটসন ২৪ বলে ৬টি চার ও ৫টি ছয়ে করেন ৫৭ রান। ৫.৪ ওভারেই ওয়াটসন-ওয়ার্নার জুটি তুলে ফেলেছিল ৭১ রান। এ অবস্থায় মনে হয়েছিল সহজ জয়ই পেতে চলেছে অস্ট্রেলিয়া। কিন্তু এর পরই ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ৭১/০ থেকে অস্ট্রেলিয়া হয়ে যায় ৭৫/৪। চার উইকেটের তিনটিই তুলে নেন মেন্ডিস। পরে আরও তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা মেন্ডিসই। এএফপি, ওয়েবসাইট।